Published : 26 Jan 2026, 02:52 PM
অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর নামে থাকা ১৪৮ শতাংশ জমি ও মিরপুরের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে শিল্পীর নামে থাকা ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদক শিল্পীর জমি-ফ্ল্যাটের মূল্য দেখিয়েছে এক কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা। আর অবরুদ্ধ করা হিসাবে রয়েছে ১১ লাখ ১৩ হাজার ২০৮ টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি শাহরিন আক্তার শিল্পীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এসব সম্পদের মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা দরকার।
একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বলে ২০২৪ সালের জুলাইয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে। সেখান ওই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।
এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেইসবুকে ঘুরতে থাকে।
এরপর ওই চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে সিআইডি। আবেদ আলী, তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ মোট ১৭ জনকে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সেই সময় আবেদ আলী পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
গেল বছরের ৫ জানুয়ারি আবেদ আলীর বিরুদ্ধে পৌনে ৪ কোটি টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তার ও পরিবারের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়।