২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ঈদযাত্রা: বৃষ্টি-কাদায় উত্তরের পথে পথে যানজট

যানজট ঠেলে বাইপাইল, ইপিজেড হয়ে শ্রীপুর পর্যন্ত পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 12:37 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

কোরবানির ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষেরা ঢাকা ছাড়তে শুরু করেছে; শুক্রবার সকাল থেকে ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে বৃষ্টি-কাদায় উত্তরাঞ্চলের রাস্তায় পথে পথে যানজট তৈরি হওয়ায়, বাস চলছে ধীর গতিতে।

পাশাপাশি বাইপাইলে রাস্কার সংস্কার কাজও বাসের চলার গতি ধীর করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার সকালে ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো নবীনগরের পরে পল্লী বিদ্যুৎ এলাকায় ৯টার পরপর পৌঁছালেও সেখান থেকে যানজটে পড়ে। 

এরপর যানজট ঠেলে বাইপাইল, ইপিজেড হয়ে শ্রীপুর পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায় সাড়ে ১১টা।

বাইপাইলে যানজটে আটকা পড়া ন্যাশনাল পরিবহনের একজন যাত্রী আবদুস শাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই এলাকায় সারা বছরই যানজট থাকে। ঈদের সময় তা আরও বাড়ে।"

বাসে ঈদযাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই।

ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, "২৯ তারিখ থেকে শুরু হয়েছে ঈদ সার্ভিস। কাল বিকালের পর যে গাড়ি গেছে, সেগুলোতে যাত্রী হইছে। আজকে সকাল থেকে ছেড়ে যাওয়া সব গাড়িতেই ভিড়। আমার এই বাসে কোন সিট খালি নাই। অনেকেই আগে তাদের পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে।

এই বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, "আমার বোন থাকে সাভারের হেমায়েতপুরে, ভগ্নিপতি চাকরি করেন৷ উনি ঈদের দুদিন আগে যাবেন। এজন্য আমি বোন আর ভাগ্নিকে নিতে এসেছি।"

হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই লোকজন যাওয়া শুরু করেছে। মোটামুটি সব গাড়ি ফুল যাচ্ছে। এবারও রোজার ঈদের মতো লম্বা ছুটি পড়ায় মানুষ ধীরে ধীরে যাচ্ছে। তবে ৪-৫ তারিখ যাত্রীদের চাপ বেশি হবে।"

মোশাররফ হোসেন বলেন, ঈদের আগে সড়কের কিছু অংশে ব্যাপক যানজটের আশঙ্কা আছে।

"কল্যাণপুরে রাস্তার কাজ করছে, এ কারণে গাবতলী থেকে সেখানে গাড়ি পর্যন্ত আসতে আগে থেকে তিন ঘণ্টা লেগে যায়। গাড়ি দেরি হওয়ায় যাত্রীরা বিরক্ত হয়। আর সাভার বাইপাইলের জ্যাম তো আছেই। ১ তারিখের পর রাস্তার কাজ বন্ধ রাখতে হবে। আর যেসব জায়গায় ভাঙাচোরা আছে সেগুলো মেরামত করে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকবে। নইলে এবারও চরম ভোগান্তি হবে যাত্রীদের।"

কোরবানির ঈদ হবে আগামী ৭ জুন। এই ঈদ ঘিরে দেশের উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয় গত ১৬ মে থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হয়েছে বাসের টিকেট।

বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বলেছিলেন,  “গত ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অনেকে এমন অভিযোগ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণে সরকারের ভূমিকা থাকে না, মালিকরাই তা নির্ধারণ করেন।

তবে এবার যেন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও বিষয়টিতে নজর রাখব।”