২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকণ্ঠা নিয়ে অসহযোগের দ্বিতীয় দিনে বাংলাদেশ

আগের দিনের নজিরবিহীন সহিংসতা আর আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের ঘোষণায় উৎকণ্ঠার সময় পার করছে মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 02:03 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন শুরু হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে।

সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। অন্যদিকে সহিংসতা বলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে সরকার। 

সোমবার শুরু হয়েছে তিনদিনের সাধারণ ছুটি। অফিস আদালত, ব্যাংক ও শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগে থেকেই। কারফিউয়ের মধ্যে দোকানপাটও বন্ধ।

সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। সব সড়কই প্রায় জনশূন্য, জরুরি সেবার দুয়েকটি গাড়ি এবং অলিগলিতে কিছু রিকশা ছাড়া প্রধান সড়কে যানবাহন চলছে না। 

বিভিন্ন মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। রাস্তায় কেউ বের হলে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। 

অসহযোগের প্রথম দিন রোববার জেলায় জেলায় নজিরবিহীন সংঘাতে অন্তত একশ মানুষের মৃত্যুর খবর পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২৭ জন, ঢাকায় ১২ জন, লক্ষ্মীপুরে সংঘর্ষে ১০ জন, ফেনীতে ৮ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটের গোলাপগঞ্জে ৫ জন, বগুড়ায় ৪ জন, রংপুরে যুবলীগ কর্মীসহ ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, কুমিল্লায় ৩ জন, শেরপুরে ৩, পাবনায় ৩ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ছাত্রদল নেতাসহ ২ জন, জয়পুরহাটে ২ জন, বরিশাল সদরে ১ আওয়ামী লীগ নেতা, সাভারে ১ জন, ভোলায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, কক্সবাজারে ১ জন ও হবিগঞ্জে ১ জন নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। কখন কারফিউ শিথিল হবে, তা এখনও জানানো হয়নি।   

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে রোববার দুপুর থেকে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেইসবুক, টিকটকের মত সোশাল মিডিয়া বন্ধ রাখা হয়েছে। 

আন্দোলনকারীরা রোববার ঘোষণা দিয়েছিল, সোমবার সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে তারা। কিন্তু সারা দেশে সংঘাতের খবর আসতে থাকায় বিকালে ঢাকামুখী লং মার্চের কর্মসূচি এগিয়ে আনা হয় সোমবার।  

 আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ অআস্ট থেকে পরিবর্তন করে ৫ অগাস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।”

সরকারকে চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসেছে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।”

এই লং মার্চের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য আসিফ মাহমুদ জানিয়েছেন ফেইসবুকে এক পোস্টে। সেখানে তিনি বলেছেন, বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা।

সবাই শহীদমিনারে জড়ো হবেন বেলা ১১টা থেকে। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে যাবেন, সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে। পরিস্থিতি বিবেচনায় শাহবাগ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে । 

''আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি,'' লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকালেই ঢাকায় কেন্দ্রীয় শহী মিনার এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন একদল আন্দোলনকারী। সকাল ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

এদিকে অনির্দিষ্টকালের কারফিউ জারি হওয়ায় পূর্বনির্ধারিত শোক মিছিলের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ।

সোমবার এ কর্মসূচি পালনের কথা ছিল আওয়ামী লীগের। তবে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউয়ের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে।

রোববার রাতে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিজ্ঞপ্তি দিয়ে শোক মিছিল স্থগিতের তথ্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কারফিউ এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের (সোমবার) পূর্ব নির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।”

তবে সহিংসতা হলে যে সরকার কঠোর অবস্থান নেবে, সেই ইংগিতও দিয়ে রেখেছে সরকার।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রোবাবার বলেন, “আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস, সহিংসতায় চলে যাচ্ছে। আমাদের কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল। আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা সহিংসতার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম।”

তিনি বলেন, “আমরা সন্ত্রাস এড়ানোর জন্য আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু এও বলতে চাই সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। অশান্তি সৃষ্টি করা হলে তা শক্তহাতে দমন করা হবে। আমরা সন্ত্রাসকে দমন করব।”

ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, বাধ্য হলে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের ‘সর্বোচ্চ ক্ষমতা’ প্রয়োগ করা হবে।