‘ধর্ম ব্যবসায়ীদের’ হাত থেকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী
“যাদের মোহ রয়ে গেছে দিল্লির প্রতি; পিণ্ডির প্রতি, আমরা ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে সেই মোহ ভাঙতে চাই।”
বাংলাদেশি পরিচয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাংলাদেশি পরিচয়কে আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না।”
রাজনীতিক ‘মশিয়ূর রহমান যাদু মিয়ার’ ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভা হয়।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা খুবই গর্বিত। আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদকে মূর্তমান করার জন্য স্পষ্ট করে বলেছি, ‘সবার আগে বাংলাদেশ’।
“যাদের মোহ রয়ে গেছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গেছে পিণ্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের শ্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদের ঘুম ভাঙাতে চাই।”
ছড়াকার আবু সালেহ সভাপতিত্বে আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাজনীতিক সৈয়দ দিদার বখত, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও যাদু মিয়ার মেয়ে রিটা রহমান বক্তব্য রাখেন।
