২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান হলেন মীর শহীদুল

তিনি আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 08:03 PM

Updated : 04 Sep 2022, 08:03 PM

মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পদে সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মীর শহীদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এই পদে তিনি মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শহীদুলের নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মীর শহীদুল ইসলামকে ১৫ সেপ্টেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মীর শহীদুল গত বছরের ১৫ মার্চ অবসবে যান। যাওয়ার আগে তিনি পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি অষ্টম ব্যাচের বিসিএস কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. আছাদুজ্জামান মিয়া ২০১৯ সাল থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের’ প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। তিন বছরের চুক্তিতে তার নিয়োগ হয়েছিল। আগামী ১৪ সেপ্টেম্বর তার দায়িত্বকাল শেষ হবে।