২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘ড্রোন ফটো অ্যাওয়ার্ডসে’ বাংলাদেশের ছবি

আকাশ থেকে তোলা ছবি নিয়ে প্রতিবছর ইতালির সিয়েনা শহরে হয় ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতা। সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতার অংশ হিসেবে ‘ড্রোন ফটো অ্যাওয়ার্ডস’ এ ২০২৩ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সম্প্রতি। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের সাতজন আলোকচিত্রীর নয়টি একক ছবি এবং একটি ফটো স্টোরি।

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 12:05 PM

Updated : 17 Oct 2026, 06:23 PM

Image

‘ডিক্রিজিং গ্রিন স্পেসেস’ শিরোনামে আলোকচিত্রী আশকার ইবনে ফিরোজের তোলা মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প এবং আশপাশের এলাকার ছবিটি আরবান বিভাগে উচ্চ প্রশংসা পেয়েছে। ফ্রিল্যান্স আলোকচিত্রী ফিরোজ এবারের আসরে দুটি পুরস্কার জিতেছেন।

Image

চট্টগ্রামের একটি কলেজে স্নাতোকত্তরের শিক্ষার্থী আলোকচিত্রী মুহাম্মদ এমদাদ হোসাইনের তোলা ‘ট্র্যাডিশনাল বলি খেলা’ শিরোনামের এ ছবিটি স্পোর্টস বিভাগে প্রশংসিত হয়েছে। চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ছবি এটি।

Image

ড্রোন থেকে তোলা জাতীয় খেলা কাবাডির ছবি তুলে স্পোর্টস বিভাগে প্রশংসিত হয়েছেন আলোকচিত্রী মাহাত হাসান।

Image

আলোকচিত্রী আশকার ইবনে ফিরোজের ‘ট্র্যাডিশনাল বোট রেস’ ছবিটি স্পোর্টস বিভাগে প্রশংসিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালিপাড়ার ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের ছবির জন্য ‍তিনি এ পুরস্কার জিতেছেন।

Image

‘দ্য বোট রেস’ শিরোনামে নৌকা বাইচের এ ছবির জন্য প্রশংসিত হয়েছেন আলোকচিত্রী মুশফিকুর রহমান।

Image

‘ফুটবল ফ্যানস’ শিরোনামের এই ছবির জন্য পিপল ক্যাটাগরিতে প্রশংসিত হয়েছেন আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ের ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।

Image

‘জুমা প্রেয়ার অন দ্য হাইওয়ে’ শিরোনামে আলোকচিত্রী তানভীর হাসান রোহানের ছবিটি পিপল ক্যাটাগরিতে প্রশংসিত হয়েছে। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজের দৃশ্যটি এ বছরের শুরুতে ড্রোন ক্যামেরায় তুলেছিলেন নিউ ইয়র্কে বসবাসরত বহু আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এ আলোকচিত্রী।

Image

‘বঙ্গবাজার ফায়ার’ শিরোনামে আলোকচিত্রী আজিম খান রনির তোলা ছবিটি  পিপল ক্যাটাগরিতে প্রশংসিত হয়েছে। এবছরের এপ্রিলে ঘটে যাওয়া ঢাকার বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবির জন্য এ পুরস্কার জিতেছেন একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র এই ক্যামেরাপারসন।

Image

‘রাইস প্রসেসিং’ শিরোনামে আলোকচিত্রী তানভীর হাসান রোহানের এ ছবিটিও পিপল ক্যাটাগরিতে প্রশংসিত হয়েছে। বগুড়ার একটি চাতালে ধান শুকানোর ছবি এটি। এ আসরে এটি তার দ্বিতীয় পুরস্কার।

Image

‘হার্ভেস্টিং রেড চিলিস’ শিরোনামে ফটো স্টোরির জন্য উচ্চ প্রশংসা পেয়েছেন আলোকচিত্রী আজিম খান রনি। বগুড়ার চাতালো লাল মরিচ শুকানোর নানা দৃশ্য তিনি ফুটিয়ে তুলেছেন ড্রোন ক্যামেরার সাহায্যে। এবারের আসরে এটি তার দ্বিতীয় পুরস্কার।