১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৃক গ্যালারিতে জাকির হোসেনের ‘গায়েন অরণ্য’

বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রা এ আয়োজনের মূল উপজীব্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

প্রকৃতি ও সংগীতের মধ্যকার সম্পর্ককে নতুন করে দেখার অভিপ্রায় নিয়ে আয়োজিত ‘গায়েন অরণ্য’ শীর্ষক এক প্রদর্শনী চলছে রাজধানী ঢাকায়।

শিল্পী ও গবেষক মোহাম্মদ জাকির হোসেনের এ প্রদর্শনী ঢাকার দৃক গ্যালারিতে শুক্রবার থেকে শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীর আয়োজক দৃক পিকচার লাইব্রেরির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রা এ আয়োজনের মূল উপজীব্য।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

রোববার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে শিল্পীর গবেষণায় তার চাচা আকবর আলী মণ্ডলের কাছ থেকে পাওয়া ৮০০ বছরের প্রাচীন পুঁথি পাণ্ডুলিপি দেখা ও শোনার আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঙালির ঐতিহ্য যেমন বর্ণিল, তেমনি লোকজ সংস্কৃতিতে ভরপুর। শিল্পী জাকির হোসেন লোকজ বাদ্যযন্ত্র এবং এতে প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপর দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। উপাদানের তারতম্যের কারণে সুরের আবহের যে প্রবর্তন হয় তা উপস্থাপনা করা হয়েছে এই প্রদর্শনীতে।

শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহিদুল আলম, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টটিউটের ফিল্ম ও টেলিভিশন বিভাগের অধ্যক্ষ খ ম হারুন এবং প্রদর্শনীর শিল্পী মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৃকের মহাব্যবস্থাপক ও প্রদর্শনীটির কিউরেটর এএসএম রেজাউর রহমান।