২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপটে দেশজুড়ে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর এ আহ্বান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 12:19 AM

Updated : 26 Aug 2026, 10:02 AM

সারা দেশে নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষি ও বিত্তবানদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারা দেশে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়ান। 

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য দেওয়া হয়েছে বলে বাসস লিখেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি, জামায়াত-শিবির সংঘবদ্ধভাবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তছনছ করে। বাস-ট্রাকসহ সরকারি-বেসরকারি অসংখ্য যানবাহনে আগুন দিয়ে ধ্বংস করেছে। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা এবং জীবন-জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার গত ২০ জুলাই থেকে সাময়িকভাবে সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয়। 

তিনি বলেন, একারণে নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে যারা প্রতিদিনের উপার্জনে সংসার নির্বাহ করে, যেমন- রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষকে নিদারুণ কষ্টের মুখে পড়তে হয়েছে। 

শেখ হাসিনা বলেন, “এ অবস্থায় আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনাভাইরাস মহামারির সময় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, বর্তমান এই ক্রান্তিকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। 

“একই সাথে সমাজের বিত্তবানদের প্রতিও আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশপাশের রিব-দুঃখি, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন।”