২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হ্যারা আমার টেকাগুলান খায়া দিল’

গ্রাহকদের অভিযোগ, ‘ভালো ভালো কথা বলে’ তাদের কাছ থেকে আমানত নিয়ে এখন কোনো টাকাই দিতে পারছে না আহমেদীয়া ফাইন্যান্স।

‘হ্যারা আমার টেকাগুলান খায়া দিল’

কচুক্ষেতে ইউরো স্টার টাওয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 10:37 PM

Updated : 06 Sep 2022, 11:35 PM

কখনও কলমি শাক বেঁচে, কখনও কাপড়ের গাট্টি মাথায় ঘুরে ঘুরে ফেরি করে এক লাখ টাকা জমিয়েছিলেন। ইচ্ছা ছিল ছেলেকে একটা ব্যবসা গড়ে দেবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ছেলের নামেই আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডে এক লাখ টাকার আমানত রাখেন নাজমা বেগম। অথচ এখন পর্যন্ত একটি টাকাও পাননি।

অশ্রুসজল কণ্ঠে শ্রমজীবী এই নারী বলেন, “সংসার চালাইছি, পোলাপাইন বড় করছি। সব কইরা কতো কষ্টে যে ট্যাকা কয়ডা জমাইছি। হ্যারা আমার এই টেকাগুলান খায়া দিল।”

Image

ভুক্তভোগী শাহীদা বেগম।

বাসাবাড়িতে কাজ করে দুই দফায় চার লাখ টাকা আহমেদীয়া ফাইন্যান্সে আমানত রেখেছিলেন শাহীদা বেগম।

কথা ছিল প্রতি লাখে মাসে দেড় হাজার টাকা করে লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি। কিন্তু লাভ তো দূরের কথা এখন আসল টাকাই মিলছে না। দুই বছর ধরে কোনো টাকাই পাননি শাহীদা।

মঙ্গলবার রাজধানীর মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুরে আহমেদীয়া ফাইন্যান্সের কার্যালয় অবরোধ করেন শাহীদা আর নাজমার মতো কয়েকশ ভুক্তভোগী।

তারা প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলামকে একটি চেয়ারে বসিয়ে দিনভর অবরুদ্ধ করে রাখেন। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার মনির আহমেদকে খুঁজে পাননি গ্রাহকরা।

মনির আহমেদ ‘ইউরো স্টার গ্রুপ’ নামে একটি শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক, যা মূলত আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। গ্রাহকদের ভাষ্য, আহমেদীয়া ফাইন্যান্সের টাকা থেকেই ইউরো স্টার গ্রুপসহ অঢেল সম্পদ গড়ে তুলেছেন মনির।

Image

আহমেদীয়া ফাইন্যান্সের কর্ণধার মনির আহমেদ।

রাজধানীর ইব্রাহিমপুরে কচুক্ষেতের প্রধান সড়কের ওপরই ১০তলা ‘ইউরো স্টার টাওয়ার’। এ টাওয়ারের চার তলায় আহমেদীয়া ফাইন্যান্সের কার্যালয়।

সেখানে জড়ো হওয়া গ্রাহকদের দাবি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও মাঠকর্মীরা ‘ভালো ভালো কথা বলে’ তাদের কাছ থেকে আমানত এনেছেন। তারা দিন হিসাবে টাকা দিয়ে সঞ্চয় করেছেন। কিন্তু এখন কোনো টাকাই দিতে পারছে না।

অবরুদ্ধ অবস্থায় প্রতিষ্ঠানটির জি এম সাইফুল জানান, গ্রাহকের টাকায় তারা কিছু স্থাবর সম্পত্তি করেছেন, ব্যবসায় কিছু বিনিয়োগও আছে। এছাড়া মহামারীর ধাক্কায় স্বাভাবিক লেনদেনে ছন্দপতন ঘটেছে, যে কারণে টাকা দিতে পারছেন না।

মোহাম্মদ আলী এসেছেন তার ও মেয়ের জমা রাখা টাকার খোঁজে। কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে এই বৃদ্ধ বলেন, “মাইয়ার বিয়ার লাইগা ট্যাকাডা রাখছিলাম। এহন কয় দিতে পারব না। মাইয়ার বিয়াডা পিছাইলাম।”

Image

শেষ সম্বল নিয়ে দুশ্চিন্তায় মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী জানান, তার মেয়ে সীমা আক্তার পোশাক কারখানায় কাজ করেন। বছর দুয়েক আগে বাবা-মেয়ে মিলে পাঁচ লাখ টাকা আমানত রাখেন।

এরপর থেকে একটি টাকাও লভ্যাংশ দেয়নি আহমেদীয়া ফাইন্যান্স। এখন আসল ফেরত পাবেন কি না, তা নিয়েই দুশ্চিন্তা।

মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলার সময় পাশ থেকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন ভাষানটেকের শরবত বিক্রেতা আব্দুল কুদ্দুস। পাঁচ বছর ধরে তিনটি অ্যাকাউন্টে তিনি জমিয়েছিলেন তিন লাখ ৫১ হাজার টাকা।

সেই টাকা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় না খেয়ে সারাদিন আহমেদীয়া ফাইন্যান্সের অফিসে পড়ে রয়েছেন তিনি।

Image

তিন অ্যাকাউন্টের পাস বই দেখাচ্ছেন শরবত বিক্রেতা আব্দুল কুদ্দুস।

আব্দুল কুদ্দুস বলেন, “সারাজীবন কী শরবত বেইচ্চা সংসার চলব? সমিতির (আহমেদীয়া ফাইন্যান্স) লোকেরা এমন কথা কইয়া পাসবই দিল। আমিও তিনডা পাসবই নিলাম। প্রতিদিন তারা আইসা ট্যাকা নিয়া যায়।

“তিন লাখ ৫১ হাজার টাকা জমা হইছে। এখন তারা আর ট্যাকাটা দিতে পারতাছে না। আমার সারা জীবনের এইডাই সম্বল। আমি কইছি একটা টাকারও দাবি ছাড়ুম না।”

ভুক্তভোগীরা সবাই নিজেদের গল্প শোনাতে উদগ্রীব। এর মাঝেই এলেন সত্তরোর্ধ্ব গিয়াসউদ্দীন। নৌবাহিনীর সাবেক এ সদস্যেরও দুই লাখ টাকা আটকে আছে।

তিনি বলছিলেন, “কী করব, কাকে ধরব কিছুই বুঝতে পারছি না। টাকাটা তো দিচ্ছে না, বলে ওদের টাকা নাই। প্রোপার্টি বেঁচে তারপরে টাকা দেবে। কিন্তু এখন ওদের বিশ্বাস করতেও ভরসা হচ্ছে না।”

‘সমবায়ের লাইসেন্সে ব্যাংকিং’

গ্রাহকের হাতে অবরুদ্ধ থাকা অবস্থায় আহমেদীয়া ফাইন্যান্সের জিএম সাইফুল ইসলামের সঙ্গে কথা হয় বিডিনিউজট টোয়েন্টিফোর ডটকমের। তার ভাষ্য, প্রায় ১১০০ গ্রাহকের ৯৮ কোটি টাকা তারা ফেরত দিতে পারছেন না।

কথা বলার সময় গ্রাহকরা হইচই করে উঠে বললেন, গ্রাহক ও টাকার অঙ্ক আরও অনেক বেশি।

সাইফুলের কথার প্রতিবাদ জানিয়ে বয়সে তরুণ মো. শামীম বলেন, কেবল ভাষানটেক এলাকাতেই দেড় হাজারের বেশি গ্রাহক হবে। আগারগাঁওয়ের তালতলা থেকে শুরু করে মিরপুরের অনেকটা জুড়েই ‘সমিতি’ চালিয়েছে প্রতিষ্ঠানটি।

Image

আহমেদীয়া ফাইন্যান্সের জিএম সাইফুল ইসলামের (লাল পোলো শার্ট) অবরুদ্ধদশা।

জি এম সাইফুল জানান, সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনের বিপরীতে এই প্রতিষ্ঠানের সবরকম কাজ হয়ে আসছে। প্রতিষ্ঠানটির সভাপতি হযরত আলী মজুমদার, আর সম্পাদক মনির আহমেদ।

সমবায়ের লাইসেন্সের বিপরীতেই আমানত গ্রহণ, লভ্যাংশ প্রদান, দৈনিক বা মাসিক ভিত্তিতে সঞ্চয়ের স্কিম চালাচ্ছিলেন।

প্রতিষ্ঠানটি কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোভিডের আগে তাদের মোট ৬৬ জন কর্মী আমানত সংগ্রহের কাজটি করেন। কোভিডের ধাক্কায় তাদের কর্মী কমাতে হয়, এখনও তাদের ৪৫ জনের মতো কর্মী রয়েছে।

তাহলে গ্রাহকের আমানত ও সঞ্চয়ের টাকা গেল কোথায়? প্রশ্নের জবাবে সাইফুল জানান, তারা পূর্বাচল এলাকায় বেশ কিছু জমি কিনেছেন। সেখানে ইউরো স্টার সিটি গড়ার কাজ চলছে।

এছাড়া কচুক্ষেতের ১০তলা ভবনটি তাদের নিজস্ব। বিভিন্ন ব্যবসায় তাদের ২০ কোটি টাকার মতো বিনিয়োগ রয়েছে।

সাইফুলের দাবি, এসব সম্পত্তি বেচে, ‘মার্কেট থেকে টাকা তুলে’ তারা গ্রাহকদের ৯৮ কোটি ফেরত দেওয়ার সামর্থ রাখেন।

এরই মধ্যে গ্রাহকরা বললেন, আহমেদীয়া ফাইন্যান্সের কর্ণধার মনির আহমেদকে তারা খুঁজে পাচ্ছেন না। এখন ছেড়ে দিলে সাইফুলও পালিয়ে যাবেন বলে তাদের ধারণা।

সাইফুল অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করছিলেন, কয়েক সপ্তাহের মধ্যে সম্পত্তি বেচে তাদের টাকা দিয়ে দেওয়া হবে।

তবে গ্রাহকদের জবাব, “দুই বছরে যখন দেননি, তখন মাসখানেকের মধ্যে দেবেন, এমন আশা করা বোকামি।”

এ বিষয়ে আহমেদীয়া ফাইন্যান্সের কর্ণধার মনির আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।