২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বন্যা-ভূমিধস: নেপালকে ত্রাণ-উদ্ধারে সহায়তার আশ্বাস ঢাকার

“শত শত মানুষ সেখানে নিখোঁজ। যাদের মধ্যে পর্যটকসহ অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 12:22 AM

Updated : 11 Sep 2026, 03:54 PM

আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ঘটনায় নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, “ত্রাণ ও উদ্ধার কাজে যেভাবে সম্ভব সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ।”

বুধবার সকালে উত্তর নেপালের তিব্বত সীমান্তবর্তী পাহাড়ি ভোটে কোশি নদীতে হড়পা বান দেখা দেয়। এর জেরে তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নদীতে আকস্মিক পানি বেড়ে এবং কাদাস্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন, সেতু এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্প।

বুধবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে এবং ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সেনা ও পুলিশ সদস্যসহ আরও অনেকেই নিখোঁজ হয়েছেন।

ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “নেপালে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বন্যা ও ভূমিধসের ঘটনায় বাংলাদেশের জনগণ শোকার্ত ও মর্মাহত।

“আমাদের নজরে আসা গণমাধ্যমের খবর অনুযায়ী, শত শত মানুষ সেখানে নিখোঁজ। যাদের মধ্যে পর্যটকসহ অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার ও নেপালের বন্ধুপ্রতীম জনগণের সঙ্গে সংহতি জানাচ্ছে।

“যাদের প্রাণহানি হয়েছে, তাদের প্রতি গভীর শোক আমরা জানাচ্ছি। যারা নিখোঁজ তাদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার আশা করছি।”