২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: ৬৮ পরীক্ষার্থীসহ ১০৪ শিক্ষার্থীর জামিন

শুক্রবার ৭৮ জন শিক্ষার্থী জামিন পায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 10:38 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও নাশকতার ঘটনায় জামিন পেয়েছেন গ্রেপ্তার ১০৪ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী। 

শনিবার দেশের বিভিন্ন আদালত থেকে তাদের জামিন পাওয়ার তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার ৭৮ জন শিক্ষার্থী জামিন পায় বলে মন্ত্রণালয় তথ্য দিয়েছিল।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মোট ১০৪ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন আদালত ৩৬ জন সাধারণ ছাত্রকে জামিন দিয়েছে।

জামিন পাওয়া ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন।

বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী আটকের তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে, বলেছেন রেজাউল করিম। 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাই ছয়জনের প্রাণহারি পর ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা দেখা যায়, যা চলে ২১ জুলাই পর্যন্ত।

এসব কর্মসূচিতে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। 

আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত হয়েছে অনেক মানুষ। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক, সরকার বলছে সংখ্যাটি দেড়শর মত।

এ অবস্থার মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা-নাশকতা ও হতাহতের ঘটনায় কয়েকশ মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার মানুষকে, যার মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রয়েছে।

গ্রেপ্তারদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে দফায় দফায় কর্মসূচি দিচ্ছে আন্দোলনকারীরা। শনিবারের আগে যে ৯ দফা দাবি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের মুক্তি।

শনিবার এসে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ চেয়ে একদফা কর্মসূচি দিয়ে রোববার অসহযোগের ডাক দিয়েছে।