Published : 13 May 2026, 09:12 PM
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরতদের সম্মেলনের মধ্য দিয়ে শেষ হল পুলিশ সপ্তাহ।
বুধবার রাতে পুলিশ সদরদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের প্রত্যয়ের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ সফলভাবে শেষ হয়েছে।
পুলিশ সপ্তাহের শেষ দিনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে থাকে।
বুধবার এ নির্বাচনে সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শেষ দিনের সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মরতরাও পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মতামত দেন।
এর আগে গত ১০ মে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।