২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান এফ রহমান আরো দুই মামলায় রিমান্ডে

নবাবগঞ্জ থানার মামলায় তাকে চার দিন এবং দোহার থানার মামলায় তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সালমান এফ রহমান আরো দুই মামলায় রিমান্ডে
সালমান এফ রহমান, ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 03:53 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে এবার নবাবগঞ্জ ও দোহার থানার দুই মামলায় মোট সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সালমান এফ রহমানকে বুধবার কারাগার থেকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বৈষম্যবিরোধী আন্দোলনে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে নবাবগঞ্জ থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই সোহেল মোল্লা।

অন্যদিকে দোহার থানার আরেকটি ‘হত্যাচেষ্টা’ মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ওমর ফারুক।

দুই মামলায় রিমান্ডের বিরোধিতা করে সালমান এফ রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

উভয় পক্ষের শুনানি শেষে নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের এবং দোহার থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার বিচারিক হাকিম এম সাইফুল ইসলাম।

নবাবগঞ্জ থানার মামলায় রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ অগাস্ট সকালে নবাবগঞ্জ থানাধীন কলাকোপা ইউনিয়নের নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপর বাদীসহ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ‘সালমান এফ রহমান এবং তার সহযোগীদের নির্দেশে’ ওই আন্দোলনের ওপর ‘সহিংস হামলা’ চালানো হয়। ধারালো রামদা, লোহার রড, কাঠ ও বাঁশের লাঠি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আন্দোলনকারীদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।

হামলাকারীদের মধ্যে খন্দকার হারুন অর রশিদ উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “ওদের ধর, হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার সাধ চিরতরে মিটিয়ে দাও, এক দফার কবর দাও।” 

‘ওই নির্দেশ পেয়ে’ হামলাকারীরা শটগান দিয়ে গুলি চালায়, তাতে বাদীসহ শিক্ষার্থীরা গুরুতর আহত হন এবং তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বাদীর অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করে তার শরীর থেকে ২৭টি গুলি বের করা হয়।

দোহার থানার মামলার বিবরণে বলা হয়,  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে স্থানীয় জনগণ ও ছাত্রছাত্রীরা শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে বিক্ষোভ করছিল। সে সময় ‘সালমান ফজলুর রহমানের নির্দেশে এবং আলমগীর হোসেনের প্রত্যক্ষ হুকুমে’ রাশেদ চোকদারসহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালায়।

অভিযোগে বলা হয়, “ওদের ধর, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার সাধ চিরতরে মিটাইয়া দে, একদফার কবর দে" বলে আন্দোলনকারীদের আক্রমণ করার নির্দেশ দেন আলমগীর হোসেন। তিনি তার হাতে থাকা ছেনদা দিয়ে ‘হত্যার উদ্দেশ্যে বাদীর মাথায় কোপ দিয়ে’ রক্তাক্ত জখম করেন। তার হুকুম পেয়ে অপর আসামি দেলোয়ার হোসেনও ধারালো ছেনদা দিয়ে বাদীর মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। অন্যান্য আসামিরা লাঠি, রড ও হকিস্টিক দিয়ে বাদী ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে, যার ফলে গুরুতর আহত হন অনেকে।

হামলার সময় আসামিরা করম আলী মোড়ের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটায়, তাতে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই পায়ে যায়।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর তাকে বেশ কয়েকটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।