Published : 23 Jul 2026, 07:53 PM
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর জানিয়েছেন।
রফিকুল ইসলাম মিয়ার শারীরিক নানা জটিলতার কথা তুলে ধরে আবীর বলেন, “স্যারের অবস্থার অবনতি হওয়ায় উনাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়েছে। তার কিডনি কাজ করছে না, রক্তে ইনফেকশন ধরা পড়েছে। নিউরো সমস্যায় ভুগছেন দীর্ঘ দিন।”
তিনি বলেন, “স্যারের বড় ছেলের অপেক্ষায় ছিলাম আমরা। লন্ডন থেকে তিনি সরাসরি হাসপাতালে এসেছেন। এরপরই স্যারকে লাইফ সাপোর্ট দেওয়ার কাজ শুরু হয়।”
বিএনপির এ নেতা এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্ত্বাবধায়নে রয়েছেন।
গত ২১ জুলাই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে তার অবস্থা অবনতি হতে শুরু করে বলে একান্ত সচিব জানিয়েছেন।
এর আগে গত জুনের শেষ সপ্তাহেও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
৮৫ বছর বয়সি রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের গৃহায়ন মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন।
রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলে মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া। দু্জনেই বিদেশে থাকেন। তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক গত বছরের ২ মার্চ মারা যান।
বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে আবীর।