Published : 22 Dec 2025, 06:28 PM
দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান সোমবার তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই সেলিম রেজা জানিয়েছেন।
ওই আসামিরা হলেন- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল বাকের শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার ও রাজু আহমেদ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায় প্রথম আলোর করা মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার পর ১৫ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান।
আসামি বিপ্লব ও হাসানের পক্ষে আইনজীবী হোসেন আহামাদ এবং অপর আসামিদের পক্ষে আইনজীবী এমদাদউল্লাহ মোল্লাহ, মো. আব্দুল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে আদেশ দেন বিচারক।