২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, জাতিসংঘ মহাসচিবকে ইউনূস

“বাকিটা আমরা সামলে নিতে পারব,” বলেন তিনি।

অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, জাতিসংঘ মহাসচিবকে ইউনূস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে রাজধানীর একটি হোটেলে শনিবার সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি ভিডিও থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত একটি বিষয়ে-অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদেরকে ধ্বংস করছে।”

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার এ আহ্বান জানানোর খবর দিয়েছে বাসস।

ইউনূস বলেন, মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না। 

“অপতথ্য ছড়ানো থেকে আমাদেরকে রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব।”

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে, তা দেশের সব পর্যায়ের জনগণের মধ্যে একটি অনন্য সংহতি সৃষ্টি করেছে।

তিনি বলেন, দেশের জনগণ অনেক বিষয়ে মতানৈক্য পোষণ করলেও একটি বিষয়ে তারা একমত, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এতে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।’

২০২৪ সালে জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইউনূস বলেন, “শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন।

”শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য, নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল।”

“এটাই আমাদের নতুন বাংলাদেশ,” যোগ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে।

”আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে, কিন্তু আপনার এই সফর যেন আগেভাগেই আমাদের জন্য ঈদ এনে দিল। আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে।” 

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন।