২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরো ৬ হত্যা মামলায় শেখ হাসিনা আসামি

শেষ হাসিনার সরকার পতনের পর থেকে তার বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে বিভিন্ন জেলায়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 09:55 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকার লক্ষ্মী বাজার, আশুলিয়া, মোহাম্মদপুর, মিরপুর, আদাবর ও যাত্রাবাড়ীতে গুলিতে ছয়জনের মৃত্যুর ঘটনায় আরো ছয়টি মামলা হয়েছে, প্রতিটি মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

নিহত ওই ছয়জনের দুজন শিক্ষার্থী, একজন মুদি দোকানের কর্মী, একজন সেলুন কর্মচারী, একজন পোশাক কর্মী এবং একজন ফল ব্যবসায়ী ছিলেন।  

লক্ষ্মীবাজারে ছাত্র হত্যা

কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ওমর ফারুককে হত্যার অভিযোগে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন তার মা কুলছুমা আক্তার।

বাদীর জবানবন্দি শুনে তার অভিযোগ নিয়মতি মামলা হিসেবে গ্রহণের জন্য সূত্রাপুর থানার ওসিকে নির্দেশ দেন মহানগর হাকিম তরিকুল ইসলাম।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অরজিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ঢাকার লক্ষ্মীবাজারের হাজী বিরিয়ানির দোকেনের বিপরীত পাশে ম্যাজিস্ট্রেট ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করছিলেন ওমর ফারুক। এসময় গুলি চালানো হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ফারুকের মা হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন। গত ২১ জুলাই তার কাছে লাশ হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুরে দোকান কর্মচারী হত্যা

মোহাম্মদপুর টাউন হল এলাকার মুদি দোকানের কর্মচারী ১৬ বছর বয়সী মো. ওমর ফারুককে হত্যার অভিযোগে তার বাবা রিকশা চালক মো. মিলন ফরাজি বাদী একটি মামলা করেন। 

মহানগর হাকিম রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এ মামলায় শেখ হাসিনাসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

আশুলিয়ায় সেলুন কর্মচারী হত্যা

আশুলিয়ার বসন্ধুরা এলাকার নতুন বাজারের সেলুন দোকানের কর্মচারী জাহিদুল সাগরকে গুলি করে হত্যার অভিযোগ মামলা করেছেন তার ভাই মো. আনারুল ইসলাম।

এ মামলায় সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। 

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মুখ্য বিচারিক হাকিম আদালত এ অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে আশুলিয়া থানাকে নির্দেশ দেয়। 

মিরপুরে শিক্ষার্থী হত্যা

মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সুজন মাহমুদকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করেছেন তার ভাই সুলতান মাহমুদ।

তার জবানবন্দি শুনে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মিরপুর মডেল থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৮ জনের নাম রয়েছে এ মামলার আসামির তালিকায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল ইসলাম, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক এমপি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক এমপি দিলীপ বড়ুয়া, সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক মন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার ও সাবেক এমপি ইলিয়াস মোল্লা রয়েছেন এর মধ্যে। 

মামলার আর্জিতে বলা হয়, গত ৫ অগাস্ট বিক্ষোভ চলাচলে বেলা সাড়ে ১২টার দিকে মিরপুরে গুলিবিদ্ধ হন সুজন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদাবরে পোশাককর্মী হত্যা

আদাবরে পোশাককর্মী সোহেল রানার মৃত্যুর ঘটনায় ঢাকার হাকিম আদালতে মামলা করেছেন তার ভাই ইব্রাহীম।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন বাদীর জবানবন্দি শুনে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এ মামলায়।

মামলার আরজিতে বলা হয়, সোহেল পেশায় ছিলেন পোশাক কারখানার কর্মী। ছাত্র জনতার আন্দোলনের সময় ৫ অগাস্ট আদাবর থানা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

“স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সন্ত্রাসীরা তথা আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ভিকটিমসহ ঘটনাস্থলে আসামিদের গুলিতে একাধিক নিহত ও অনেকেই আহত হন। এসময় গুলিবিদ্ধ হলে ভিকটিম সোহেল রানাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

যাত্রাবাড়ীতে ফল ব্যবসায়ী হত্যা

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মো. ফরিদ শেখের মৃত্যুর ঘটনায় তার বাবা মো. সুলতান শেখ যে মামলা করেছেন, সেখানে শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্র-কন্যাকে আসামি করা হয়েছে।  

ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। 

সাবেক প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ ফজলে নুর তাপস, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাকে যথাক্রমে আসামির তালিকায় যথাক্রমে ৭, ১৭, ১৮ ও ১৯ নম্বরে রাখা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট বিকালে ফরিদ শেখ যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলির আঘাতে গুরুতর আহত হন। রাস্তায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অগাস্ট তার মৃত্যু হয়।

ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে এর আগে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।