২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা হতেই পারে, তবে লক্ষ্য স্বচ্ছ নির্বাচনের: এনসিপির সতর্কবার্তা নিয়ে ইসি আনোয়ারুল

“তফসিল তো আর সরকার করবে না; তফসিল নির্বাচন কমিশন করবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করলে সব ক্লিয়ার হয়ে যাবে।”

সমালোচনা হতেই পারে, তবে লক্ষ্য স্বচ্ছ নির্বাচনের: এনসিপির সতর্কবার্তা নিয়ে ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি-এনসিপি বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করলেও তা ‘ইতিবাচক’ বিবেচনায় নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি।

সামলোচনা ও সতর্কবার্তাকে সঙ্গী করেই ‘স্বচ্ছ ভোটের আয়োজন লক্ষ্য’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেছেন, ইসির ভুল ত্রুটি নজরে এলে সেটি ‘অ্যাড্রেস’ করবেন তারা।

সুনির্দিষ্ট কোনো অভিযোগ না আনলেও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে আখ্যায়িত করেন।

ইসির বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ এনে তিনি বলেন, “দিন দিন দেখতে পাচ্ছি ইসির অধিকাংশ অঙ্গ জুড়ে সামরিক উর্দি পরা পোশাক এবং বাকি যতটুকু যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত। এখনও ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি।”

তিনি বলেছেন, ইসি কিছু ‘বিতর্কিত’ বক্তব্য দিয়েছে, যা যেটা প্রধান উপদেষ্টার কাছ থেকেও আসেনি।

জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের দল এনসিপি চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুনে নিবন্ধন আবেদন করে ইসির কাছে।

এনসিপি এমন সময়ে এসে ইসির সমালোচনায় সরব হয়েছে যখন দলটির নিবন্ধন আবেদন বাছাই চলছে। এছাড়া এনসিপি তাদের পছন্দের দলীয় প্রতীক শাপলাও পায়নি ইসির কাছ থেকে। এরইমধ্যে ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে দলটি।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ জোরেশোরে চলছে, ভোটের সম্ভাব্য সময় শিগগিরই জানানো হবে বলে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে ইসি নিয়ে এনসিপির ক্ষোভ ও সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রোববার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছে, রাজনৈতিক দল হিসেবে তারা তাদের মতামত দিতে পারে।

তিনি বলেন, “সমালোচনা হতেই পারে। এতে নির্বাচন কমিশনের ভুল ত্রুটিগুলো নজরে এলে আমরা ওইভাবে এড্রেস করতে পারবো।”

স্বচ্ছ একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসির প্রস্তুতির কথাও তুলে ধরেন এ নির্বাচন কমিশনার।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নিরপেক্ষ স্বচ্ছ একটা ভালো নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন খুঁটিনাটি সব কিছু নিয়ে প্রস্তুতি নিচ্ছে।”

‘অপেক্ষা করি, কয়েকদিনের মধ্যে সব ক্লিয়ার হবে’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক বছরের মাথায় দলগুলোর দাবির মধ্যে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে জোর আলোচনা রয়েছে।

ভোট প্রস্তুতির মধ্যে নির্বাচন কমিশনও এ নিয়ে ‘অপেক্ষায়’ রয়েছে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের কাজ অলওয়েজ রেডি থাকা। কারণ, প্রতিটি কাজই প্রস্তুতির, চলমান। এটা করতেই হবে। এখন, কথা হল শিডিউল ডিক্লারেশনের আগে বাড়তি কিছু প্রিপারেশন লাগে। সেটা সময় এলে আমাদের করতেই হবে।”

আরপিও সংস্কার প্রস্তাবসহ ইসির সবকিছু ‘শেষ পর্যায়ে’ আছে বলে মন্তব্য করেছেন তিনি। 

“এটা জাস্ট ফিনিশিংয়ের পর্যায়ে। যথাসময়ে প্রস্তুতিমূলক কাজও শেষ হবে।”

ভোটের সম্ভাব্য সময় নিয়ে জিজ্ঞেস করলে এ নির্বাচন কমিশনার অপেক্ষা করার কথা বলেছেন।

তিনি বলেন, “একটু অপেক্ষা করি আমরা সবাই। তফসিল তো আর সরকার করবে না; তফসিল নির্বাচন কমিশন করবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করলে সব ক্লিয়ার হয়ে যাবে।”

সরকারের তরফ থেকে ঘোষণা আসুক? বিষয়টি কি তাই? আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ঠিক তাই।”

কিছু দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা আসছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, “অপেক্ষা করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।

“নির্বাচনি কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।

বর্তমান ইসি 'মেরুদণ্ডহীন', সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপির নাসির

নিবন্ধন: প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে ৬৫ দল

মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা

ভোটের সম্ভাব্য সময়ের ঘোষণা আসছে কবে?