আদ-দ্বীনের হোস্টেলে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
"কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেছে, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে তাকে বহিষ্কার করা হয়। সে কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।”
পরীক্ষায় ‘নকল করে ধরা পড়ার পর’ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজের ভারতীয় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিদা খান নামের ১৯ বছর বয়সী ওই তরুণী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার ভোর সোয়া ৪টার দিকে কলেজের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার নিদা খানের পরীক্ষা ছিল জানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. আকতার বলেন, "কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেছে, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে তাকে বহিষ্কার করা হয়। সে কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিদা খানের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ ভারতে নেওয়ার ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি।
দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী কোন্ডা এলাকার কন্টেইনার পোর্ট রোডে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজের পাশেই হোস্টেলে থাকতেন রাজস্থানের ওই মুসলিম তরুণী। তিনি এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ পুলিশকে বলেছে, রাতে হোস্টেলে থাকা সহপাঠীদের সঙ্গে কথা বলে নিদা খান তার রুমে ঢুকে পড়েন। পরে তাকে ডাকাডাকি করে না পেলে সহপাঠীদের সন্দেহ হয়। তারা রাত ২টার দিকে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায়।
পরে কলেজ কর্তৃপক্ষ বিকল্প চাবি দিয়ে ওই কক্ষের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন ওসি।
