২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে নারী প্রার্থী বাড়ানো বাধ্যতামূলক করা হোক, ইসিকে ডব্লিউইএবি

“সরকার যদি একটু সহায়তা করে, তাহলে অনেক নারী নির্বাচনে আসতে পারবেন,” বলেন নাসরিন ফাতেমা।

দলে নারী প্রার্থী বাড়ানো বাধ্যতামূলক করা হোক, ইসিকে ডব্লিউইএবি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর বুধবার ইসি ভবনে ব্রিফিং করেন ডব্লিউইএবির সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নে নারী প্রার্থীর সংখ্যা বাধ্যতামূলকভাবে বাড়ানোর দাবি তুলেছেন একদল নারী উদ্যোক্তা। 

আগামী নির্বাচনে নারী ভোটার ও প্রার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা।  

বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ‘উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (ডব্লিউইএবি) একটি প্রতিনিধি দল।

বৈঠক থেকে বেরিয়ে সংগঠনের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, “ভোটে নারীদের ভূমিকা আরও জোরালে হওয়া উচিত। আমরা দেখছি, যারাই নমিনেশন দিচ্ছে, নারীর অনুপাত কম। আমরা চাই, নারীর সংখ্যা যেন বাড়ে।”

নারী প্রার্থীদের সহায়তায় তহবিলের সুপারিশ করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই, নারীরা যে নির্বাচনে আসছেন, তাদের অবশ্যই সহায়তা দিতে হবে। আমেরিকাতেও দেখবেন এরকম সহায়তা দেওয়া হয়। নারীরা যেন নির্বাচনটা করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। নারীরা যেন স্বাচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।”

 ৩০০ আসনের অর্ধেকে নারীদের দেখতে চান এসব উদ্যোক্তা।

নাসরিন ফাতেমা বলেন, “নারীরা যেন প্রতিদ্বন্দ্বিতা  করতে পারেন। সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি। নারী যেন অবাধে ভোট দিতে পারেন।”

নাসরিন আউয়াল বলেন, “সহজে পরিবার থেকেও নারীদের জন্য তহবিল পাওয়া যায় না, যেটা পুরুষরা অহরহ পান। আমাদের কথা হলো, নারীদেরকে সরকার যদি একটু সহায়তা করে, তাহলে অনেক নারীই কিন্তু নির্বাচনে আসতে পারবেন।”

 দলের মনোনয়নে নারীর প্রতিনিধি বাড়ানো বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তিনি বলেন, “কোনো দল ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৭ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে।”

 সিইসির সঙ্গে বৈঠকে ডব্লিউইএবির সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেরী আহমেদ কলি, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মেহেরুন্নেসা খান, মেম্বার আইরিন তালুকদার, এসএম আনজুমান ফেরদৌস ও ফাহিমা কাউসার উপস্থিত ছিলেন।