১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সালমান, আনিস ও নূর আরো মামলায় গ্রেপ্তার

এর আগে কয়েক দফা রিমান্ডে ছিলেন তারা।

সালমান, আনিস ও নূর আরো মামলায় গ্রেপ্তার
সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান নূর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 03:43 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেকটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে রোববার তা মঞ্জুর করেন ঢাকার মহানগর মাহবুবুল হক।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান ও আনিসুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন নিউ মার্কেট থানার এসআই মোরাদ খান।

শুনানিতে আসামিদের পক্ষে মোরশেদ হোসেন শাহীন, ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়ার পর আসামিদের জামিন আবেদন করেননি তাদের আইনজীবীরা।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমানসহ অনেকে।

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

এদিকে মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বিসমিল্লাহ ফ্যাশন ওয়্যারের কর্মী মামুন হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আব্দুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষমবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দেুপুরে সনি সিনেমা হলের সামনে গুলিতে নিহত হন মামুন।

এর আগে সালমান, আনিসুল ও নূরকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে পেয়েছিল পুলিশ।