২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপনারা পরকাল নিয়া ব্যবসা করেন’, মাজারে হামলাকারীদের ফরহাদ মজহার

“আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না। আমাদের কারবার ইহকালেই। আমরা ইহকালেই আল্লাহ ও নবীকে পাইতে চাই, না পেলে এই জীবন বৃথা”, বলেন তিনি।

‘আপনারা পরকাল নিয়া ব্যবসা করেন’, মাজারে হামলাকারীদের ফরহাদ মজহার
মাজারে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফকিরি গান এবং ভাব আলোচনা’য় কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 09:46 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলাকারীদের তীব্র সমালোচনা করে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার বলেছেন, “আপনারা পরকাল নিয়ে ‘ব্যবসা’ করেন।”

যারা মাজার ভেঙেছেন, তাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করে তিনি বলেছেন, “তারা (আউলিয়া) আল্লাহর অধীন। আর তোমরা (মাজারে হামলাকারী) যারা এখানে আজকে জালিমগিরি করছ, ধর্মের নামে অধর্ম করছ, তোমরা এদের সমান কোনোদিন আসতে পারবে না। এদের স্তরে তোমরা উঠতে পারবে না।” 

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘মাজার হামলার প্রতিবাদে ফকিরি গান এবং ভাব আলোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘এপারে দুনিয়া ওপারে দ্বীন

আশেকজনা না করে ভিন

হয়েছে মাশুকের অধীন।’

জহরদ্দি শাহের লেখা লাইনগুলো উল্লেখ করে মজহার বলেন, মাজার ভাঙার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই মন্তব্য করে তিনি বলেন, “এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা নিয়ে ধর্মের কথা যারা বলে তারা আপনাদের বিভ্রান্ত করার জন্য বলে।”

চিরকাল মজলুমের পক্ষে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাকে তামাশা করে ফরহাদ মজহার ‘মাজারি হয়ে গেছে’ বলে থামাতে পারবা না। জালিম চিরজীবন জালিমই থাকে। আমি চিরজীবন মজলুমের পক্ষে ছিলাম।

“আপনারা পরকাল নিয়া ব্যবসা করেন, আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না। আমাদের কারবার ইহকালেই। আমরা ইহকালেই আল্লাহ ও নবীকে পাইতে চাই, না পেলে এই জীবন বৃথা।”

মাজারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “বিদেশে দর্শন বা ভাব পড়ানোর জন্য তাদের বিশ্ববিদ্যালয় আছে, আপনি ইউরোপ আমেরিকায় মাজার দেখবেন না। পাশ্চাত্যে কোনো মাজার নাই। এখানে কেন আছে? কারণ, মানুষের জ্ঞানের যে তৃষ্ণা, মানুষের মনে যে প্রশ্ন, তার মনের যে সকল আকুতি, যে আধ্যাত্মিক জিজ্ঞাসা, আজকে যে সকল গ্রামে গ্রামে সাধক তারা দিয়ে গিয়েছেন। তারা হঠাৎ করেই মানুষের মন জয় করেন নাই।”

মাজারে হামলাকারীদের সুমতির জন্যও কামনা করেন ফরহাদ মজহার। বলেন, “মাজার ভাঙছেন যারা, আল্লাহ যেন এইসব জালেমদের মনে রহম দেন। তিনি যেন তাদের সুপথে আনেন। আমরা দোয়া করি, যে সকল ব্যক্তি আমাদের মাজার ভাঙছে তারাও একদিন আল্লাহর রহমত পাবে।” 

‘এটা ফৌজদারি অপরাধ’

অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভাব বৈঠকি’র সমন্বয়কারী মোহাম্মদ রোমেল বলেন, “মাজারে হামলা বন্ধ করতে হবে। এটা ফৌজদারি অপরাধ। এটা বন্ধ করতে হবে। সরকারকে বলব, এ বিষয়ে ব্যবস্থা নিতে। 

“যারা মাজারে থাকে, এরা অত্যন্ত গরিব মানুষ। দানের টাকায় এদের এক বেলা খাবারের ব্যবস্থা হয়। মাজার হচ্ছে সবচেয়ে বড় সাংস্কৃতিক কেন্দ্র। একইসাথে যারা এই অঞ্চলে ছিলেন ধর্মগুরু, সাধক, তাদের একটা স্মৃতিচিহ্ন।“

মাজারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে না, তার পরেও এখানে হাজার হাজার শিল্পী তৈরি হয় মন্তব্য করে তিনি বলেন, “আমরা মনে করি মাজারে হামলা আমাদের এ অঞ্চলে যে গণসংস্কৃতি, তার উপরই হামলা। তো এই হামলার বিরুদ্ধে আমাদের আজকে এ আয়োজন।”

অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টার দিকে। শুরুতেই ফকির আবুল সরকার গান করেন। 

এরপর আলেয়া বেগম, সুনীল কর্মকার, ছোট আবুল সরকার, আরিফ বাউল, সুধাম আনন্দ, রাহিদা লগ্না প্রমুখ গান করেন।

রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলে।