১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদ: রিজেন্টের সাহেদের আত্মপক্ষ সমর্থন ২৫ জুলাই

সেদিন তাকে বলতে হবে, ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তার নিজের বক্তব্য কী। 

অবৈধ সম্পদ: রিজেন্টের সাহেদের আত্মপক্ষ সমর্থন ২৫ জুলাই
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 09:37 PM

Updated : 17 Jul 2023, 09:37 PM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৫ জুলাই দিন ঠিক করে দিয়েছে আদালত।

সেদিন তাকে বলতে হবে, ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তার নিজের বক্তব্য কী। 

সোমবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে তদন্ত কর্মকর্তা, দুদকের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হয়।

পরে বিচারক প্রদীপ কুমার রায় আসামির আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শুনানির জন্য ২৫ জুলাই তারিখ রাখেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন আসামিকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য পড়ে শোনানো হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তিনি দোষী না নির্দোষ। পরে তার বক্তব্য জানতে চাওয়া হবে। সাফাই সাক্ষ্য দিতে চাইলে সে সুযোগ দেওয়া হবে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তার সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কোভিড- ১৯ রোগীদের চিকিৎসায় ২০২০ সালের ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়। তিন মাস না যেতেই করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে রিজেন্টের বিরুদ্ধে।

এরপর ওই বছর ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয় র‌্যাব। ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ তখন সামনে আসতে থাকে।

তদন্ত চলার মধ্যেই ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিস পাঠায় দুদক; ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। সাহেদ এরপরও তা জমা না দেওয়ায় ২০২১ সালের ১ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় সেখানে।

তদন্ত শেষে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।এরপর ওই বছর ১৭ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাহেদের বিচার শুরুর আদেশ দেয় আদালত। এ মামলার মোট দশজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।

তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ডজনের বেশি মামলা দায়ের হয়। ওই বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আদালত সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

আরও পড়ুন:

পুরানো খবর:

অবৈধ সম্পদ: রিজেন্টের সাহেদের বিচার শুরু

পুরানো খবর:

স্বাস্থ্যের আজাদকে এখন ‘চেনেন না’ রিজেন্টের সাহেদ

পুরানো খবর:

অবৈধ সম্পদ: রিজেন্টের সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

পুরানো খবর:

দুদকের মামলায় সাহেদসহ স্বাস্থ্যের সাবেক ডিজির নামে অভিযোগপত্র