১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবরের সামনে রইল বাকি ৯

মাকালু শীর্ষে লাল সবুজ ওড়ালেন বাবর। বিশ্বের ১৪টি আট হাজারি পর্বতের মধ্যে পাঁচটির চূড়া ছোঁয়া শেষ।

বাবরের সামনে রইল বাকি ৯
মাউন্ট মাকালুর শীর্ষে বাবর আলী।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট মাকালু শীর্ষে সফল অভিযানের পর পৃথিবীর বাকি নয়টি আট হাজার মিটার উচ্চতার পর্বতে অভিযানের প্রত্যয় জানালেন বাবর আলী।

রোববার বিকেলে মাকালুর বেস ক্যাম্প থেকে দেওয়া ৫১ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি নিজের লক্ষ্যের কথা জানান।

রোববার বিকাল ৪টার দিকে ১৬ সেকেন্ডের আরেকটি ভিডিও প্রকাশ করে বাবর আলীর অভিযানের আয়োজক পর্বতারোহন ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স'। সেখানে দেখা যায়, মাকালু শীর্ষে পৌঁছে বিজয়ীর বেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাবর।

বিশ্বে আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতে আরোহনের ইচ্ছার কথা গত কয়েক বছর ধরেই বলে আসছেন বাবর। মাকালু জয়ের পর সেই ইচ্ছের পথে এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

এখন পর্যন্ত আট হাজারি ক্লাবের পাঁচটি পর্বতে আরোহন করেছেন বাবর। যে রেকর্ড আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর নেই।

ভিডিও বার্তায় বাবর আলী বলেন, "আমি এ মুহূর্তে আছি মাকালু হাই বেস ক্যাম্পে, ৫৭০০ মিটারে। গতকাল নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার সময় বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু আরোহন করতে সক্ষম হয়েছি। এবং গতকালই রাত সাড়ে ৮টার সময় আমি বেস ক্যাম্পে এসে পৌঁছেছি।

"মাকালু আমার পঞ্চম আট হাজার মিটার অভিযান। এর আগে চারটা আট হাজার মিটার পিক ক্লাইম্ব করেছি। আর ১০টা বাকি ছিল।  এখন বাকি আছে নয়টা। সংখ্যাটা একক সংখ্যায় চলে এসেছে। এজন্য খুবই আনন্দিত। এখন মনে হচ্ছে এটা করাটা আমার জন্য ফিজিবল।"

তিনি বলেন, "এই অভিযানে যারা সাথে ছিলেন শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক এবং আমার ক্লাবের সবাইকে ধন্যবাদ। আপনারা সাথে থাকলে সামনের দিনগুলোতে বাকি যে ৯টা আট হাজার মিটার পর্বত আছে সেগুলোও ক্লাইম্ব করা হয়ে যাবে।"

আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতে অভিযানে গিয়ে পাঁচটিতেই সফল হয়েছেন চট্টগ্রামের ছেলে বাবর। প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু শীর্ষ আরোহন করেছেন তিনি।

'ভার্টিক্যাল ড্রিমার্স' এর সভাপতি এবং এ অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামিটের পর শনিবার রাতে বেস ক্যাম্পে নেমে আসেন বাবর। এর আগে শুক্রবার রাতে সামিট পুশ শুরু করেছিলেন। সে হিসেবে ওঠা ও নামার পথে টানা প্রায় ২৩ ঘন্টা ক্লাইম্ব করেন, যা দুঃসাহসী এবং অবিশ্বাস্য।"

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর।

এরপর ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। 

একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর।

২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট)।

একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)। এটি প্রথম কোনো বাংলাদেশির কৃত্রিম অক্সিজেন ছাড়া কোন আট হাজার মিটার উচ্চতার শিখর আরোহণ।

সবশেষ শনিবার আরোহণ করেন মাউন্ট মাকালুতে। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাউন্ট মাকালুর উচ্চতা ৮৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট।

নেপালি শব্দ ‘মাকালু’ অর্থ গ্রেট পিরামিড। সেখানে প্রচুর বাতাস। তুষার ধসের প্রবণতা থাকে বাতাসের কারণে। চূড়ার অংশ পিরামিডের মত। বাতাসে ঘন ঘন বরফ ঝরে পড়ে যায়, তাই শীর্ষ অংশ কালো। সেই ‘মহা কালো’ থেকে নাম হয়েছে ‘মাকালু’।

'গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা 'মহা-কালো' নামে পরিচিত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবরের এক্সপিডিশন শুরু হয় ৭ এপ্রিল। সেদিন নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হন তিনি।

আনুষাঙ্গিক প্রস্তুতি শেষে তিনি ৯ এপ্রিল বিমানে উড়ে যান টুমলিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে ১৮ এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে।

তারপর নানা ধাপ পেরিয়ে আবহাওয়া কিঞ্চিৎ সদয় হওয়ার আভাস পেয়ে বাবর আবার পর্বতে চড়তে শুরু করেন ৩০ এপ্রিল। ওই দিন তিনি সরাসরি উঠে যান ৬৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ এ এবং পরদিন শুক্রবার উঠেন ৭৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ।

বিকেলটা সেখানেই অপেক্ষা করে রাতেই তিনি বেরিয়ে পরেন শিখরের উদ্দেশ্যে। একটানা ১১০০ মিটারের বেশি বিপদজনক চড়াই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান চূড়ায়।

চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক বাবর আলী পেশায় চিকিৎসক। এই ক্লাবের হয়েই গত বারো বছর হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি।

পুরনো খবর

মাকালু চূড়া ছুঁয়ে অনন্য উচ্চতায় বাবর

মাউন্ট মাকালুর চূড়া ছোঁয়ার অপেক্ষায় বাবর 

বাবরের লক্ষ্য এবার 'গ্রেট ব্ল্যাক ওয়ান' মাউন্ট মাকালু

কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু চূড়ায় বাবর, প্রথমবারেই সফল তানভীর

অন্নপূর্ণা-১ শীর্ষে প্রথম বাংলাদেশি বাবর আলী

এভারেস্টজয়ী বাবর আলী এবার লোৎসে জয়ের অপেক্ষায়

এভারেস্টচূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী

এভারেস্টের পর লোৎসে জয়, অনন্য উচ্চতায় বাবর আলী

হিমালয়ের আমা দাবলাম চূড়ায় প্রথম বাংলাদেশি