Published : 01 May 2026, 09:23 PM
মাউন্ট মাকালুর ৭৪০০ মিটার উচ্চার ক্যাম্প-৩ এ পৌঁছে গেছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।
আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার মধ্যরাতেই তার মাউন্ট মাকালুর চূড়া ছোঁয়ার অভিযান শুরু হওয়ার কথা।
শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ক্যাম্প-৩ এ পৌঁছান বাবর। বিকাল ৫টায় সে খবর তিনি জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামানকে।
পর্বতারোহন বিষয়ক ক্লাব ‘ভার্টিকাল ড্রিমার্সের’ প্রেসিডেন্ট ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ঠিক থাকলে আজ রাত ১২টায় শুরু হবে বাকি ১১০০ মিটার অতিক্রমের চূড়ান্ত সংগ্রাম।
“হয়ত আগামীকাল ভোরেই মাকালু চূড়ায় পৌঁছে যাবেন তিনি। এরপর সকালে ক্যাম্প-২ এ নেমে আসার জন্য ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে।”
বাবরের এই অভিযান সফল হলে তা হবে কোনো বাংলাদেশি পর্বতারোহীর মাকালুতে প্রথম সফল অভিযান।

নেপালের মহালঙ্গুরের মাউন্ট মাকালু পরিচিত 'গ্রেট ব্ল্যাক ওয়ান' নামে। বিশ্বে আট হাজারি ১৪টি পর্বতের মধ্যে মাকালু পঞ্চম সর্বোচ্চ। বাবরেরও আট হাজারি পর্বত অভিযানে এটি পঞ্চম লক্ষ্য। অভিযানের নাম তাই ‘এক্সপেডেশন মাকালু: দ্যা ফিফথ ফ্রন্টিয়ার’।
পিরামিডের মত সূচালো শীর্ষ; আশপাশে বড় কোনো পর্বত নেই। ঠান্ডা বাতাসের তোড়ে তাই বরফ সরে গিয়ে চূড়ার কালো অংশ বেরিয়ে পড়ে। সেই থেকে নাম তার ‘মহাকালো’ বা ‘মাকালু’। উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট)।
ফারহান জামান বলেন, “আবহাওয়া এখন পর্যন্ত ভালো আছে। তবে বাতাস আছে। সেখানকার আবহাওয়া কখন কেমন হয়, তার কোনো নিশ্চয়তা নেই।”
মাকালু অভিযানে ৭ এপ্রিল নেপালে পৌঁছান বাবর আলী। এরপর ১৭ এপ্রিল মাকালুর পথে ৫৭০০ মিটার উচ্চতায় ছিলেন বাবর।
সেদিন হোয়াটস অ্যাপে বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। আবহাওয়ার উপরই বাকি যাত্রা নির্ভর করছে বলেও জানান বাবর।
সবশেষ বুধবার নিজের ফেসবুক পেইজে একটি ছবিসহ দেয়া পোস্টে বাবর আলী লেখেন, “মহামৌনমুখর হিমালয়ের প্রাঙ্গণে বন্ধু ‘ইয়াংডু’র সাথে”। এবার বাবরের পর্বতারোহী দলের সাথে সঙ্গী হয়েছে সারমেয় ইয়াংডুও।

এবার অভিযানের শুরু থেকে ফেইসবুকে নিজের অভিজ্ঞতা ‘মাকালু ডায়েরি’ শিরোনামে লিখে শেয়ার করছেন বাবর আলী।
সবশেষ ২৬ এপ্রিলের লেখায় বাবরও আবহাওয়ার অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। সেদিন তিনি ছিলেন ক্যাম্প-২ তে।
ওই পোস্টে বাবর লিখেছিলেন, “সুযোগ পেলেই নানা আবহাওয়ার ওয়েবসাইটে ঢুঁ মারি। কয়েকটা সাইটের পূর্বাভাস বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। কিন্তু এই পর্বতের আবহাওয়া যেন মায়াপ্রপঞ্চে ভরা!”
২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের দুর্গম চূড়া আমা দাবালাম আরোহণ করেন বাবর আলী। এরপর ২০২৪ সালের এক অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে পৌঁছান।
২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ এ। একই বছর সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মানাসলুতে।
সে হিসাবে মাউন্ট মাকালু হতে যাচ্ছে বাবর আলীর আট হাজার মিটারের বেশি উচ্চতার কোনো পর্বতে পঞ্চম অভিযান।
পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এই অভিযানের আয়োজন করছে। স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে আরো আছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী।