ঢাকায় নিহতদের একজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান
রাত সাড়ে ৮টার দিকে আয়েশা বেগম নামের এক নারী এসে দাবি করেন নিহত তরুণ তার ছেলে মো. শাহজাহান।
রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতের মধ্যে নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ২৫ বছর বয়সী আহত যে যুবককে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়, তার নাম মো. শাহজাহান।
তিনি নিউমার্কেট এলাকার হকার বলে জানিয়েছেন স্বজনরা।
সন্ধ্যা ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ‘অজ্ঞাত পরিচয়’ হিসেবে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত আনা হয়েছে বলে বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনাচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে আয়েশা বেগম নামের এক নারী এসে দাবি করেন নিহত তরুণ তার ছেলে মো. শাহজাহান। ছেলের লাশের পাশে চীৎকার করে কাঁদছিলেন আয়েশা বেগম। এসময় আয়েশার সঙ্গে ছিলেন তার ভাই মোসলেম উদ্দীন।
মোসলেম উদ্দীন সাংবাদিকদের বলেন, “শাহজাহান তার ভাগ্নে। সে বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে পাপোশ বিক্রি করত।”
মোসলেম জানান, শাহজাহানদের বাড়ি কেরানীগঞ্জে। কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
এর আগে বিকাল সোয়া ৫টার দিকে ২৫ বছর বয়সী অজ্ঞাত আরেক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়।
নিহত এ ব্যক্তি কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় ঢাকা কলেজের সামনে আহত হয়েছিলেন।
ঢাকায় এ দুজন ছাড়াও কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
