সাবেক মন্ত্রী মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, তাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন।
আবেদনে দুদক বলেছে, ফরিদপুর-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তিন সদস্যের অনুসন্ধান টিম।
“খন্দকার মোশাররফ হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ ছাড়লে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়াসহ অনুসন্ধানে প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কা আছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফের বিদেশযাত্রা বন্ধ করা জরুরি।”
এক সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীও ছিলেন মোশাররফ। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। ওই সম্পর্কের টানাপড়েনে খন্দকার মোশারফের পদপদবীতেও প্রভাব পড়ে।
২০২২ সালের ডিসেম্বরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ থেকে বাদ দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে। তখন থেকেই তিনি দেশের বাইরে রয়েছেন।
গত ৩ সেপ্টেম্বর ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলা হয়।
খন্দকার মোশাররফ ২০০৯ সালের নবম জাতীয় সংসদে প্রথম এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছিলেন শ্রম মন্ত্রণালয়ের, পরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
ওই সময়ই ফরিদপুরের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন মোশাররফ। ২০১৫ সালে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে তাকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি।
