জুমাতুল বিদায় বিশেষ মোনাজাত
“শান্তি পাচ্ছি এজন্য যে, মসজিদে এসে দেখি নিচের তলায় জায়গা নাই; হাজারো মুসল্লি যারা আমারও আগে এখানে এসেছেন।”
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দেশে উদযাপিত হলো জুমাতুল বিদা।
রোজার ঈদের আগে শেষ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমসহ মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হয়।
বায়তুল মোকাররম মসজিদের খতিব আব্দুল মালেক খুতবা পাঠ করেন এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পল্টনের বাসিন্দা আশরাফ আলী বলেন, “প্রতি সপ্তাহে এই মসজিদে নামাজ পড়ি। সঙ্গে নাতিদের নিয়ে আসি। আজকে জুমাতুল বিদা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসতে হয়েছে বৃষ্টিতে ভিজে।
“শান্তি পাচ্ছি এজন্য যে, মসজিদে এসে দেখি নিচের তলায় জায়গা নাই; হাজারো মুসল্লি যারা আমারও আগে এখানে এসেছেন। মাশাল্লাহ, মারহাবা।”
বায়তুল মোকাররম এলাকার টুপি-আতর বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, “আজকে বৃষ্টিবাদলের দিন। তার পরও মুসল্লিরা টুপি-আতর কিনছেন। জুমাবারে এখন (দুপুর ২টা) পর্যন্ত ডজন খানেক টুপি বিক্রি হয়েছে।
“আজকে চাঁন রাত। ঈদের আগে শেষ বাজার। রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখব। এরপর বাসে নোয়াখালী যাব নিজের বাড়িতে। পরিবার আগেই পাঠিয়ে দিয়েছি।”
এদিনের মধ্য দিয়ে ৩০ রোজা পূর্ণ করবেন দেশের মানুষ, পরদিন উদ্যাপিত হবে ঈদ।
