Published : 22 Jun 2026, 07:36 PM
দেশের চার বিভাগের কিছু এলাকায় ‘অতিভারি’ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
সোমবার বিকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অতিভারি বর্ষণ হতে পারে। বিভাগজুড়েই অতিভারী বৃষ্টি হবে না।”
তাৎক্ষণিক পূর্বাভাস পেতে জনসাধারণকে আবহাওয়া অধিদপ্তরের ফেইসবুক পেইজে নজর রাখার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। সেখানে ঘন ঘন হালনাগাদ তথ্য প্রকাশ হওয়ার কথা জানান তিনি।
জেবুন্নেছা বলেন, “কোনো এলাকায় আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে বজ্রঝড় বা থান্ডারস্টর্মের সম্ভাবনা দেখা দিলেই আমরা তা গ্রাফিক্যাল আকারে ফেইসবুক পেইজে প্রকাশ করি। সেখানে সংশ্লিষ্ট জেলার নামও থাকে।”
সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আভাস দেওয়া হয়েছে। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সোমবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ১৫৩ মিলিমিটার।