২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ চান প্রধান উপদেষ্টা

“এই উদ্যোগ রাখাইন সংকট সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে,” বলেন মুহাম্মদ ইউনূস।

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ চান প্রধান উপদেষ্টা
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজ। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 08:16 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির আহ্বান রেখে বলেছেন, এই উদ্যোগ সংকট সমাধানের প্রধান উপায় হতে পারে। 

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেন। 

সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি তুলে ধরা হয়েছে।

অ্যান্ড্রুজ গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে উত্থাপিত রোহিঙ্গা সংকটের বিষয়ে তিন দফা প্রস্তাব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। 

তিনি বলেন, রাখাইন রাজ্যের সহিংসতা একটি ‘গভীর সংকট’ সৃষ্টি করেছে এবং বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা জরুরিভাবে প্রয়োজন, বিশেষ করে  রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য। 

রাখাইন রাজ্যসহ মিয়ানমারে কমপক্ষে ৩১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলি বছরের পর বছর ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদিও বাংলাদেশ ইতোমধ্যে কক্সবাজারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির প্রস্তাব দেন। তিনি তাদের সহায়তা দেওয়ার উপায় খুঁজে বের করার কথাও বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, এটি (নিরাপদ অঞ্চল) ‘সহায়তা পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকর উপায়’ হতে পারে । এই উদ্যোগ রাখাইন সংকট সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে, যা বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীদের প্রবেশ রোধ করতে পারে। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আসিয়ানের সঙ্গে রাখাইনের সহিংসতা ও বাস্তুচ্যুতদের বিষয়ে আলোচনা করা উচিত।

আলোচনার সময় অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান রাখেন। 

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিপ্লব সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়।

২০১৭ সালের অগাস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালায় দেশটির সেনাবাহিনী ও স্থানীয় উগ্রপন্থি বৌদ্ধরা। গ্রামসুদ্ধ জ্বালিয়ে দেওয়া, ফসলের ক্ষেত পুড়িয়ে দেওয়া, হামলা, লুটপাট ও ধর্ষণের মত জঘন্য মানবাধিকার লঙ্ঘনের মুখে জীবন বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে আসে বাংলাদেশ, যার সংখ্যা দাঁড়ায় প্রায় ১১ লাখ। এই বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় হয় কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। তাদের আবাসনে হুমকির মুখে পড়েছে জেলাটি জীব-প্রাণী ও পাহাড়ের বৈচিত্র্য।

আগের সরকারের আমলে কয়েক দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নথিপত্র চালাচালি হলেও তা বাস্তবায়ন হয়নি। উপরন্তু মিয়ানমারে গৃহযুদ্ধ সব ভেস্তে দিয়েছে। 

বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের তিন দফা প্রস্তাব তারই অংশ।