‘ডেভিল হান্টে’ আরও গ্রেপ্তার ৩৪৩
এ অভিযানে শনিবার থেকে সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন গ্রেপ্তার হয়েছেন।
চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৭৮ জন।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় গ্রেপ্তারের এ তথ্য দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর বলেন, ডেভিল হান্ট শুরুর পর এ অভিযানে সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা জব্দ করার তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য রোববার দিলেও ‘ডেভিল হান্টে’ পৃথক গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ। পরের ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী পরিচালিত এ বিশেষ অভিযানে ৩৪৩ জনকে গ্রেপ্তারের কথা জানানো হল।
গাজীপুরে শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।
শনিবার সন্ধ্যার পর থেকে দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে 'অপারেশন ডেভিল হান্ট' নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী।
সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন।
