২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা পরোয়ার

নুরের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম গোলাম পরওয়ার।

শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের কাছ থেকে নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বলে জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নুরের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তুলে ধরে তিনি বলেন, “ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদানের দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা গণপরিষদ সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন। চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়।

“আমরা প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

গত ২৯ অগাস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্স কালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন বলে গণঅধিকার পরিষদের দাবি।

লাঠিপেটায় আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নুরের চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠনের কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ছয় সদস্যের মেডিকেল বোর্ডে নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নিউরো সার্জন, আইসিইউর প্রধান রয়েছেন।

নুরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।