Published : 09 Dec 2025, 03:53 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ শেষে সিইসি বলেছেন, “উনি আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি।
“শুধু উনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো, একটা কার্টেসি কল আছে না একটা? একটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম উনার সাথে। অন্য কোনো বিষয় নেই।”
বয়স ৬৭ বছর হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন আগামী ১৪ ডিসেম্বর।
এক সাংবাদিক সিইসির কাছে জানতে চান, নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছেন কি না, সহযোগিতা চেয়েছেন কি না?
জবাবে নাসির উদ্দিন বলেন, “ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা (বিচারিক হাকিম) ডেপ্লয় করবেন—আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি; সেটা উনাকে রিকোয়েস্ট করেছি।”
প্রধান বিচারপতি আপনাকে কী আশ্বস্ত করেছেন, এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “উনি জাস্ট ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না—এইটা অ্যাশিউর করেছেন।”
এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, “কোনো মামলা নিয়ে কোনো কথা হয়নি।”
নির্বাচনে অনিয়ম রোধে প্রতিটি সংসদীয় আসনের জন্য ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’ বা নির্বাচনি তদন্ত কমিটি গঠন করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনি অপরাধ, আচরণবিধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে অনিয়ম সংক্রান্ত বিষয়াদির অনুসন্ধান করে নির্বাচন কমিশনকে জানায় এই কমিটি। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিটি আসনেই এ কমিটি ছিল, যাতে একজন যুগ্ম জেলা জজ— প্রয়োজনবোধে সিনিয়র সহকারী জজ রাখা হয়।
প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর
গত নির্বাচনেও তফসিল ঘোষণার আগে তখনকার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন সিইসি হাবিবুল আউয়াল।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে সামনে রেখে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইসি। কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আনুষ্ঠানিকতা সেরেছে।
এদিকে তফসিল ঘোষণা ও প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে বুধবার ডেকেছে ইসি। সেদিন অথবা পরদিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ তুলে ধরবেন সিইসি নাসির।