১৫ হাজার ইয়াবা নিয়ে গ্রেপ্তার প্রবাসীর যাবজ্জীবন
২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম যাওয়ার সময় বিমানবন্দরে অনিককে গ্রেপ্তার করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামি অনিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অনিক কুমিল্লার কোতয়ালী থানার ধনুয়াখোলা দীঘির পশ্চিমপাড়ের আব্দুর আজিজের ছেলে।
ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মু. আবদুল নূর ভূঁঞা বাবলু বলেন, রায় ঘোষণার আগে অনিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার অপর আসামি অনিকের চাচাত ভাই মাসুদ ওরফে রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অনিককে গ্রেপ্তার করা হয়।
সে সময় তার ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম ছালাম দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে অধিদপ্তরের পরিদর্শক হোসেন মিঞা ২০২৩ সালের ৩ এপ্রিল দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য নিয়েছে।
