২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা সাজু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

তের বছর আগে ঢাকার কদমতলী এলাকায় ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজুকে হত্যার অভিযোগে অনিক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারি ফকির মো. জাহিদুল ইসলাম জানান, কারাদণ্ডের পাশাপাশি অনিককে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় বলা হয়েছে, “২০১২ সালের ২৩ জানুয়ারি কদমতলীর খোরশেদ আলী সরদার রোডের বুড়ির বাড়ির মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলার সময় সাজুকে গুলি করে ও কুপিয়ে জখম করে অনিকসহ ৭ থেকে ৮ জন। আহত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সাজুর বাবা সাইদুর রহমান সহিদ পরদিন কদমতলী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের (দক্ষিণ) ইন্সপেক্টর সাইফুল ইসলাম ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অনিককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। 

২০১৫ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার আদালত থেকে অনিকের সাজার রায় এল।