রূপগঞ্জে ঘরে আগুন: তিন সন্তানের পর চলে গেলেন বাবা
এ নিয়ে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে৷
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে দগ্ধ তিন সন্তানের পর তাদের বাবারও মৃত্যু হয়েছে।
এ নিয়ে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে৷
বৃহস্পতিবার ভোর ৪ টা ৪০ মিনিটে ঢাকার শেখ বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ৪২ বছর বয়সী বাবুল মারা গেছেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন পরিবারের গৃহকর্তা বাবুল শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল। বাবুলের বাড়ি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায়।
এর আগে মঙ্গলবার রাতে বাবুলের নয় বছর বয়সী মেয়ে তাসলিমা এবং সকালে তার দুই ছেলে মো. সোহেল (২০) ও ইসমাইল (১১) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷
তাসলিমার শরীরের ৬৩ শতাংশ, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই দুর্ঘটনায় বাবুলের স্ত্রী সেলিনা বেগম (৩৮) ও সোহেলের স্ত্রী মুন্নী (১৮) বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আছেন৷
শুক্রবার রাত ১১টার দিকে ডহরগাঁও এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “শ্রমিক পরিবারটি একটি টিনসেড বাড়িতে থাকতেন। রাতে ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। সেই কয়েল থেকে বিছানায় আগুন লাগে। সবাই ঘুমিয়ে থাকায় আগুন ঘরে ছড়িয়ে পড়ে। তখন ঘরে থাকা ছয়জন দগ্ধ হন।“
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
