Published : 16 May 2026, 05:37 PM
কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ও নওগাঁয় নিহত আরেক রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদের পরিবারকে ‘সব রকমের সহযোগিতার’ আশ্বাস দিয়েছে এনবিআর।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের সদস্যরা।
এসময় দুই পরিবারের পাশে থাকা ও ‘সব ধরনের সহযোগিতার’ আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি সেখান থেকে গত ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পর দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদ ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি ভোরের দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার মরদেহ ফেলে রেখে পিকআপে করে পালিয়ে কয়েকজন।