মা-বাবার বিরুদ্ধে মেয়ের আইনি লড়াই কোন বার্তা দিয়ে গেল
“এই অভিযোগের বিষয়টায় একটা ব্যাড মেসেজ আছে সমাজের জন্য। ওই মেয়ের মা-বাবার সাথে আমরা বসেছি। তাদের কথা শুনেছি। তারা চান ব্যাড মেসেজটা যেন সোসাইটিতে প্রভাব না ফেলে।”
টিভির খবর দেখে বিভ্রান্ত হয়ে সত্তরোর্ধ জাহানারা বেগম রাতে খেতে বসে তার সাংবাদিক ছেলেকে ধরলেন আসল ঘটনা শোনার জন্য। তার মনে অনেক প্রশ্ন।
মোহাম্মদপুরের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়েটি মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিল কেন? মা-বাবা তাকে আসলেই নির্যাতন করতেন? কিন্তু টিভিতে মেয়েটি যেভাবে হাসিখুশি মুখে কথা বলল, তাতে তো…। আদালত বলেছে মীমাংসা করতে, কিন্তু সেটা কীভাবে হবে?
সাংবাদিক ছেলে তার সাধ্যমত মায়ের কৌতূহল মেটানোর চেষ্টা করলেন। সব শুনে জাহানারা বললেন, “আসলে বাবা সময়টাই তো বদলে গেছে।”
১৯ বছর বয়সী ওই তরুণী ‘বদলে যাওয়া’ এই সময়েরই সন্তান। মা-বাবা দুজনেই ছিলেন চাকরিজীবী। আর কোনো সন্তান তাদের নেই।
জীবনযাত্রার যাবতীয় ব্যয় মেটানোর পাশাপাশি মোটা অঙ্কের অর্থ ব্যয় করে মেয়েকে তারা পড়িয়েছেন ঢাকার ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে।
অবস্থাদৃষ্টে ‘চাহিদা পূরণে’ কোনো ঘাটতি দেখা না গেলেও সেই মা-বাবার বিরুদ্ধেই ‘শারীরিক ও মানসিক হেনস্তার’ অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেয়ে।
আদালত তার অভিযোগ খারিজ করে দিয়েছে। মা-বাবাকে বলেছে পারিবারিকভাবে মীমাংসা করতে। তবে সংবাদমাধ্যম ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অন্য আলোচনার জন্ম দিয়েছে।
প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সমাজে মা-বাবার সঙ্গে সন্তানের এমন ‘টানাপড়েন’ কেন ঘটতে পারে? আর এই ঘটনা পরিবারের গণ্ডি পেরিয়ে আদালতেই বা কীভাবে গেল? আদালত ছাপিয়ে সর্বত্র আলোচনায় থাকা এ ঘটনা সমসাময়িক সমাজ নিয়ে কি কোনো বার্তা দিচ্ছে?
অভিযোগ দাখিলের পাশাপাশি সেই তরুণী হাজির হয়েছেন সংবাদ মাধ্যমের সামনেও। আদালতে ‘সুন্দর জীবন’ না পাওয়ার ‘আক্ষেপ’ শোনানোর পাশাপাশি ‘উচ্ছ্বাসের’ সঙ্গে এই ঘটনার ‘প্রচার’ চেয়েছেন সাংবাদিকদের কাছে।
মেয়ের অভিযোগে কাঠগড়ায় দাঁড়িয়ে নিরুত্তর মা-বাবা পরে কোনো কথা বলতে চাননি। সরাসরি সাক্ষাতে সংবাদমাধ্যমকে ‘এড়িয়ে’ গিয়ে আইনজীবীর মাধ্যমে বলেছেন, ‘মেয়ের ভালো হোক’।
প্রাপ্তবয়স্ক যে কেউ চাইলেই কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারার ‘অধিকারের’ কথা স্বীকার করে মনোবিজ্ঞানীরা এমন ঘটনায় ‘প্যারেন্টিংয়ের’ ঘাটতির বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, পারিবারিক সম্পর্ক ‘দৃঢ়’ হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
সমাজবিজ্ঞানীরাও ‘পারিবারিক শিক্ষার’ কথা বলছেন। তারা ‘প্রজন্মের দূরত্ব’ কমিয়ে সন্তানের সঙ্গে মা-বাবার বেশি সময় কাটানোর ওপর জোর দিচ্ছেন।
সেই মা-বাবার আইনজীবীও বিষয়টি মানছেন। তিনি বলেছেন, মা-বাবা দুজনই চাকরি করতেন, ফলে সন্তানের সঙ্গে ‘একটা গ্যাপ’ তৈরি হয়। ছোট থেকে বড় হওয়ার সময় যে ‘প্রপার টেক কেয়ারটা’ দরকার ছিল, সেটা পায়নি মেয়েটি।
গত ২২ জুন বাবা ও মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে অভিযোগ করেন ওই তরুণী। আদালত ওই তরুণীর মা-বাবাকে ১০ জুলাই হাজিরের নির্দেশ দেন।
সেদিন তার মা-বাবা আদালতে হাজির হন। আদালতে আসেন ওই তরুণীও।
মেয়েটি আদালতকে বলেন, “তাদের (মা-বাবা) মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, এটা আমার দোষ না। আমি তাদের পাপেট (পুতুল) নই। আমাকে কেন গালি দেবে। আমাকে শারীরিক, মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তারা মানসিক হাসপাতালে ভর্তি করে। ব্রেইন অ্যান্ড মাইন্ড হাসপাতালে আমাকে দুই বছর রাখা হয়। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছে। আমাকে কেন ওই হাসপাতালে রাখা হলো জানতে চাই।”
তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন। কিন্তু আমি তা পাচ্ছি না। আমি আমার সুরক্ষা চাই। আমি জাস্টিস চাই।”
ওই তরুণীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব আদালতকে বলেন, তার মক্কেল বয়ঃসন্ধিকাল থেকেই পরিবারের সদস্যদের ‘অবহেলা ও মানসিক নির্যাতনের’ শিকার। তাই তিনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ অনুযায়ী সুরক্ষা আদেশ ও স্বাভাবিক জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয়ভারের জন্য আবেদন করেছেন।
অন্যদিকে মা-বাবার আইনজীবী আবুল হোসেন আদালতে বলেন, মেয়েটি তার মা-বাবার ‘একমাত্র সম্বল, একমাত্র আশা-ভরসার স্থল’। মা-বাবাও চান তাদের মেয়ে সুরক্ষার আদেশ পাক। দেশের বাইরে তাদের সামর্থ্য অনুযায়ী মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা তারা করবেন।
শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২৪ জুলাই দিন রেখেছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার বিষয়টি আদালতে উঠলে বিচারক মেয়েটির অভিযোগ খারিজ করে মা-বাবাকে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার নির্দেশ দেন।
মেয়েটিকে মানসিক চিকিৎসকের অধীনে রাখার বিষয়টি মনে করিয়ে দিয়ে মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মানসিক সমস্যা থাকতেও পারে। নিশ্চয় বিষয়টি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ দেখেছেন। তার কোন মানসিক রোগ না থাকলেও তার প্রতি সত্যিকারের অবিচার হয়ে থাকে, অ্যাবিউজ হয়ে থাকেন তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।
“তবে বিষয়টি চাইলেই সামাজিক এবং পরিবারিকভাবে মীমাংসা করার সুযোগ ছিল, সেভাবে না করে মেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। মা-বাবা সন্তানকে কতটুকু গুণগত সময় দিয়েছেন, সন্তানকে কতটুকু ধারণ করেছেন, সে বিষয়ে এখন তারা নিশ্চয় নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন এবং জানবেন।”
তার মতে, এমন ‘পারিবারিক স্পর্শকাতর বিষয়ের’ ক্ষেত্রে সবসময় আইনের দ্বারস্থ না হয়ে ‘পারিবারিক বা সামাজিকভাবে মীমাংসা’ করাই সমাজের জন্য ‘স্বাস্থ্যকর’।
কোন প্রেক্ষাপটে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ?
আদালতের শুনানির মত সংবাদ মাধ্যমের সামনেও ওই তরুণী বেশিরভাগ কথা বলেছেন ইংরেজিতে। ‘জাস্টিস’ চেয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি মা-বাবার প্রতি নানা অভিযোগের কথা তুলে ধরেছেন।
‘শারীরিক ও মানসিক নির্যাতনের’ বর্ণনায় মেয়ে যে অভিযোগ করেছেন, সে বিষয়ে মা-বাবার ভাষ্য জানার চেষ্টা করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কিন্তু প্রথম থেকেই মেয়ের মা-বাবা সংবাদমাধ্যম এড়িয়ে গেছেন।
এ অবস্থায় তাদের বাড়ির সামনে গিয়ে বাবার সঙ্গে দেখা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তিনি প্রথমে কিছু না শুনেই নামাজ পড়তে চলে যান। নামাজ শেষে দ্বিতীয় দফায় আবারও বিষয়টি নিয়ে জানতে চাইলে বললেন, “আমি একজন রিটায়ার্ড পার্সন। এমনিতেই একটা ঝামেলায় আছি, আমি কিছু বলতে চাই না।”
এরপর তাদের আইনজীবীর মাধ্যমে একাধিকবার অনুরোধ করেও মা-বাবাকে কথা বলতে রাজি করানো যায়নি। তবে আইনজীবীর সঙ্গে আলোচনায় তারা স্বীকার করেছেন, দুজনেই চাকরিজীবী হওয়ায় তাদের একমাত্র মেয়ের যতটা ‘টেককেয়ার’ করা দরকার ছিল, তা করা হয়নি। সেই জায়গা থেকে কোনো একটা ‘কষ্ট’ মেয়ের মধ্যে হয়ত চলে এসেছে, যা তারা বুঝতে পারেননি।
মা-বাবার বরাতে আইনজীবী বলছেন, মেয়েটির ‘কিছু মানসিক এবং শারীরিক’ জটিলতা থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, মেয়ে এখনো ‘মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে’ রয়েছেন। মেয়ের এই সমস্যা ছোটবেলায় কম থাকলেও কোভিড মহামারীর সময়ে বেড়ে গিয়েছিল। তবে মেয়েকে নিয়ে বিড়ম্বনায় পড়ায় কিছু জায়গায় তারা ‘খুবই নিশ্চুপ’।
আইনজীবী বলছেন, সন্তানকে বকাঝকা করা বাংলাদেশে স্বাভাবিক ব্যাপার; কিন্তু পশ্চিমের উন্নত দেশে তা নয়। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে মেয়ে সেসব জানতে পেরেছে। তিনি জেনেছেন একজন সন্তানের কী কী অধিকার আন্তর্জাতিক আইনে আছে। একইভাবে বাংলাদেশের কোনো আইনে কী আছে, তাও খুঁজে দেখেছেন, পড়াশোনা করেছেন। তার মনে হয়েছে বাংলাদেশে এটা হওয়া উচিত না, সে কারণে তার আদালতে যাওয়া।
মেয়েটির মা-বাবার আইনজীবী আবুল হোসেনের মতে, মা-বাবা উভয়ই কর্মজীবী হলে সন্তানদের সঙ্গে ‘কমবেশি একটা কনফ্লিক্টটা’ থাকে। তাই চাকরিজীবী হলেও যত ব্যস্ততাই থাকুক, মা-বাবার উচিত সন্তানকে ‘আরেকটু গুরুত্ব’ দেওয়া।
তিনি বলেন, “মা-বাবার দায়িত্ব শুধু জন্ম দেওয়াই না। তার শারীরিক এবং মানসিক বিকাশ পর্যন্ত যত মেজারমেন্ট আছে, এটা সিরিয়াসলি নিতে হবে। অন্যথায় এটা হিতে বিপরীত হতে পারে। পারিবারিক এবং ধর্মীয় আচার আচরণ মূল্যবোধ তাকে অবশ্যই দিতে হবে। এই দুইটা কথাই মামলার সঙ্গে প্রাসঙ্গিক এবং এটা সোসাইটির জন্য একটা বড় মেসেজ।
“আরেকটা বিষয় হচ্ছে, একাকিত্ব না রাখা। একাকিত্ববোধ অনেক সমস্যা সৃষ্টি করে।”
এই আইনজীবী বলেন, মা-বাবার কথা হল, ‘মেয়ে যেন ভালো থাকে’, এক্ষেত্রে আদালত যা বলেছে সে অনুযায়ীই তারা চলবেন।
পরিস্থিতি ব্যাখ্যা করতে চিঠি পাঠিয়েছিলেন মেয়ের আইনজীবীকেও
ঘটনাটি জনসম্মুখে আসার পর সেই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছিলেন। তাকে যেন এভাবে ‘বুলিং’ করা না হয়, যেন ‘সুস্থ জীবনযাপনে’ ফিরতে পারেন, সেজন্য সবার কাছে আবেদন করেছিলেন তার মা-বাবা। এ বিষয়ে মেয়ের আইনজীবীকেও তারা চিঠি দিয়েছিলেন।
আইনজীবী ইসফাকুর রহমান গালিব ওই চিঠির কথা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে বলেন, “বুলিংয়ের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে যেন বুলিং করা না হয়, মা-বাবা সেই নিবেদন করেছেন। মেয়েকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা ফিরে পেতে চান। প্রয়োজনে মেয়েসহ তারা তিনজন মিলে একসাথে কাউন্সেলিং করতে চান।”
এ আইনজীবী সেদিন বলেন, “মা-বাবার সাথে (মোহাম্মদপুরে) একই বাসায় পাশাপাশি রুমে থাকেন মেয়েটি। একই টেবিলে খাওয়া-দাওয়া করেন। একই গাড়িতে চলেন। তবে মা-বাবার সাথে মেয়ের ৫-৬ বছর কথা হয় না। মোবাইল মেসেজে কথা হয়। তাদের সাথে শারীরিক দূরত্ব হয়নি। মানসিক দূরত্ব হয়েছে। এটার নিরসন চান দুপক্ষই।”
আইনজীবীকে দেওয়া চিঠিতে মেয়েটির মা-বাবা বলেছিলেন, “আমাদের একমাত্র কন্যা দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। বিভিন্ন কারণে মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
“আমাদের ধারণা সেটা থেকেই আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছে মেয়েটা। পিতা-মাতা হিসেবে আমরা চাই, সে যেন সুস্থ থাকে এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে।”
আইনজীবী গালিব সেদিন বলেন, “তার ঘটনাটি শিক্ষণীয়। সন্তানদের যেন চাকরিজীবী মা-বাবা পর্যাপ্ত সময় দেন। সন্তানদের প্রতি কেমন আচরণ করবেন, সন্তানরা কী চান তা ভালোবাসা দিয়ে দেখেন। সন্তানদের শাসন করতে হবে, তবে সেটা যেন সুশাসন হয়। আবার মা-বাবার প্রতিও সন্তানদের কিছু দায়িত্ব আছে, সেটাও যেন মানা হয়।”
মা-বাবার বিরুদ্ধে যে অভিযোগ মেয়ের
তরুণীর করা অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় মেয়েটিকে ‘শারীরিকভাবে আঘাত’ এবং ‘অশ্লীল ভাষায় গালিগালাজ’ করেন তার মা-বাবা। আঘাতে তার শরীরে জখম হয়। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মা-বাবা তার ‘ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন’ করে যাচ্ছেন। পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে তাকে বাধা দিচ্ছেন।
আরও বলা হয়, “পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে, তা থেকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। শারীরিকভাবে আঘাত করে নির্যাতন হয়েছে, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।”
মেয়েটি কার বা কাদের সহায়তায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন, সে প্রশ্নও সামনে আসে। তিনি নিজে বুঝে আদালতে গেছেন, নাকি তাকে কেউ আদালতে যেতে সহায়তা করেছেন– এসব প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর কেউ দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে মেয়েটির আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, “এ বিষয়ে সাহায্যের জন্য মেয়েটা গত চার মাস আমার কাছে ঘুরছে। একাধিকবার রিজেক্ট করেছি। তারপর তার কথা শুনে প্রফেশনের জায়গা থেকে তার জন্য আইনি সেবা দিয়েছি একজন আইনজীবী হিসেবে। এ কয়দিনে আমি যা বুঝেছি মেয়েটা যথেষ্ট ব্রিলিয়ান্ট। তাকে সঠিকভাবে কাজে লাগালে যে কোনো প্রফেশনে ১০ জনের মধ্যে সে একজন হবে।”
আইনে কী বলা আছে?
পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০-এর তৃতীয় ধারায় বলা হয়েছে, “এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পারিবারিক সহিংসতা বলিতে পারিবারিক সম্পর্ক রহিয়াছে এমন কোন ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোন নারী বা শিশু সদস্যের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতিকে বুঝাইবে।”
‘শারীরিক নির্যাতন’ অর্থে এমন কোনো কাজ বা আচরণ করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তিকে অপরাধমূলক কাজ করতে ‘বাধ্য করা বা প্ররোচনা প্রদান করা বা বলপ্রয়োগের’ কথা বলা হয়েছে।
আর ‘মানসিক নির্যাতন’ অর্থে “মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন বা এমন কোন উক্তি করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়; হয়রানি; অথবা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপের” কথা বলা হয়েছে।
এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ ‘আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপসযোগ্য’ বলা হলেও ৩০ ধারায় শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে, “প্রতিপক্ষ কর্তৃক সুরক্ষা আদেশ বা উহার কোনো শর্ত লঙ্ঘন করিলে উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।”
যা বলছেন বিশেষজ্ঞরা
মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদের মতে, প্রাপ্তবয়স্ক যে কেউ যে কারও বিরুদ্ধে ‘সংক্ষুব্ধ হয়ে’ মামলা করতে পারেন। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে বিষয়টা অন্যভাবেও হতে পারত।
“আমরা মনে করি এই জায়গাটিতে প্যারেন্টিং এবং পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটিকে আরও দৃঢ় করার সুযোগ আছে। পরিবারের মধ্যে যদি কোনো মতান্তর হয়, আদালত বা আইনের দ্বারস্থ না হয়ে বিষয়টি পারিবারিকভাবেই সমাধান করা উচিত।”
বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে এ ঘটনা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে, এতে আক্ষেপ প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছ থেকে ‘আরও বেশি সংবেদনশীলতা’ প্রত্যাশা করার কথা বলেন এই বিশেষজ্ঞ।
তিনি বলেন, “আমার মনে হয়েছে আরও সংবেদনশীলভাবে এটি উপস্থাপন করা প্রয়োজন ছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যে কোনো কিছু প্রকাশ করতে পারছে। সে জায়গা থেকে এ ধরনের তথ্য বা সাক্ষাৎকার সমাজের জন্য আমরা মনে করি বৃহৎ অংশে ক্ষতিকর।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার বলেন, “আমাদের সোসাইটিতে এক ধরনের ট্র্যাডিশনালিজম দেখেছি। যেখানে পরিবারের প্রধানদের একটা কর্তৃত্ব থাকে। যার ফলে জুনিয়রদের বা পরিবারের ছোট সদস্যদের বা পরবর্তী জেনারেশনের সদস্যদের সেই অর্থে ভয়েস থাকে না।
“বাবারা ভুল হলেও সেটা চাপিয়ে দিতে চান এবং সন্তানরা সেটা মেনে নিতে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে থাকেন–এমনটাই আমরা দেখে এসেছি। কিন্তু এখন সমাজে কিছুটা পরিবর্তন হচ্ছে, সমাজে শিক্ষা বাড়ছে, অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে, ফ্রিডম অব চয়েস বাড়ছে, কথা বলার স্পেসগুলো বাড়ছে।
“অধিকারটা যখন আপনি জানেন সন্তান হিসেবে, তখন অধিকার অ্যাপ্লাই করারও সক্ষমতা তৈরি হয়ে যায়। আগে অধিকারটাও জানা ছিল না, আর এটা প্রকাশ করার ক্ষমতাও কম ছিল। সমাজ পরিবর্তনের এটা ধারাবাহিক প্রক্রিয়া।”
অন্যদিকে সন্তানদের সঙ্গে মা-বাবার ‘ট্র্যাডিশনাল রিলেশনশিপের’ সৌন্দর্যের কথা তুলে ধরে মাহবুব কায়সার বলেন, “আগে দেখা যেত, ‘আচ্ছা ঠিক আছে বাবা বলছেন, আমি একটু মেনে নিলাম’। কিন্তু পশ্চিমা সমাজব্যবস্থার নানা সংস্কৃতির বিষয়গুলো আমরা এখন জানি। এখন সব জানাই কিন্তু সবসময় সঠিক থাকে না, ভুলও থাকে। এখন মনে করছে ‘মানলাম না, না শুনলাম বাবার কথা’।”
আবার মা-বাবার ‘কর্তৃত্ববাদী’ আচরণের কারণে ‘নির্মোহ’ ভাব থেকেও এই মামলার ঘটনা হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “তার হয়ত মনে হয়েছে আচ্ছা উনি আমার বায়োলজিক্যাল বাবা। কিন্তু আবেগটা আর কাজ করে না। তিনি তখন বাবাকে একজন পুরুষ হিসেবে দেখেন, তখন হয়তো ভেবেছেন, এর বিরুদ্ধে কথা বলা যাবে।
“সন্তান বেড়ে উঠছে, সন্তান যখন এক দুইবার কথা শুনছে না, তখন মা-বাবা কথা বলা ছেড়ে দেয়। আত্মসম্মানবোধ বা আবেগ দিয়ে চিন্তা করেন। খুব আঘাত পান, মনে করেন ‘কোলেপিঠে করে মানুষ করেছি, সেই সন্তান আগ বাড়িয়ে আক্রমণাত্মক কথা বলছে! আমরা কথা বলছি মানছে না।’ এই যে আমাদেরকে মানতে হবে, এরকম একটা জায়গা থেকে যখন বাবা চিন্তা করেন তখন সন্তান এটা নিতে পারেন না। সন্তানের এই আচরণগুলোকে বাবারা নেগেটিভলি দেখেন। মান-অভিমান থেকে, অথবা আবেগ থেকে, অথবা হতাশা থেকে মা-বাবা কথা বলা ছেড়ে দেন।”
কিন্তু মান অভিমান না করে মতের অমিল হলে আরও বেশি করে আলোচনার ওপর জোর দিচ্ছেন এ সমাজবিজ্ঞানী।
মাহবুব কায়সার বলেন, “সে হয়ত বয়সের তারতম্যের কারণে গ্যাপের কারণে বুঝতে পারছে না। তবুও মান-অভিমান ছেড়ে কথা বলে যেতে হবে। আবার বলার মধ্যে কোনোরকম প্রেশার থাকা উচিত না। আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে, একসঙ্গে সময় কাটিয়ে বিষয়গুলো বোঝাতে হবে। সন্তানের সঙ্গে কোথাও ঘুরতে যান, তার সঙ্গে বসে বসে তার পছন্দের টিভি সিরিজটিই দেখুন, একসঙ্গে খাবার খান। এক কাজগুলো করলে জেনারেশন গ্যাপ কমে যেত।”
এখন কী হবে?
ওই তরুণীর মা-বাবার আইনজীবী আবুল হোসেন বলেন, “এটা একটা পারিবারিক সমস্যা, আদালত পর্যন্ত গড়ানোর মূল কারণ হল মেয়েটার নিজস্ব একটা চিন্তার জগৎ, ভাবনা আছে। বর্তমানে সে অ্যাডাল্ট। বৈশ্বিক যে আইনকানুন সমাজব্যবস্থা আছে, আমাদের কালচারে সেসব ব্যবস্থা আছে কি না, তা না ভেবে তিনি মূলত বিষয়টা গ্লোবালি চিন্তা করছেন। আমরা যেগুলোকে পেটি ম্যাটার মনে করি, সেই পেটি ম্যাটারকে উনি অনেক বড় আকারে দেখছেন ফ্যামিলি ইস্যুগুলোতে।
“এই জায়গা থেকে উনি পরিবারের বিভিন্ন বিষয়কে অ্যাগ্রেসিভ মনে করছেন। এখানে পড়াশোনা, চিকিৎসা, ব্যক্তিগত স্বাধীনতা, চলাফেরা এসব ব্যাপারে সিদ্ধান্ত ‘চাপিয়ে দেওয়া হচ্ছে’ মনে করছেন। পরিবারের ওপর ক্ষোভের জায়গা থেকে তিনি কোর্টে গেছেন। এটা তার মা-বাবার ধারণা।”
তিনি বলেন, “একই বাসায় মা-বাবার সাথে মেয়েটা আছে। তার খরচ মা-বাবা চালাচ্ছেন। ওই জায়গায় কোনো নিরাপত্তার অভাব নাই। মেয়েটি অনিরাপদ এটা কাউকে বলেনওনি। এই অভিযোগের বিষয়টার একটা ব্যাড মেসেজ আছে সমাজের জন্য। ওই মেয়ের মা-বাবার সাথে আমরা বসেছি। তাদের কথা শুনেছি। তারা চান ব্যাড মেসেজটা যেন সোসাইটিতে প্রভাব না ফেলে।
“এই কারণে তাদের মা-বাবার একই ইচ্ছা, তাদের মেয়ের যেভাবে কল্যাণ হয়, সেটাই তারা করতে চান। তারা চান, সে সুস্থ থাকুক। মানসিকভাবে-শারীরিকভাবে ভালো থাকুক। মেয়েটা যেন কষ্ট না পায় বা তার ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে–এটা তাদের চাওয়া।”
ওই তরুণীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, “মেয়েটার যখন ২/৩ বছর বয়স তখন থেকে সে কেয়ার গিভারে। তার মেন্টাল গ্রোথটা সেভাবে বিকশিত হয়নি। স্কুল লাইফ থেকে বুলিংয়ের শিকার। তার বন্ধু-বান্ধবীরা তার সাথে তেমন মিশতো না। তার মা-বাবা দুইজনই ছিল চাকরিজীবী। তারা সকালে বের হতেন আর ফিরতেন রাত ৮/৯ টায়। সপ্তাহে ৬ দিন তারা কর্মক্ষেত্রে থাকতেন। প্রোপার ওয়েতে মেয়েটাকে গড়ে তুলতে পারেননি। এটা কিন্তু সবার জন্য অ্যালার্মিং ম্যাসেজ। ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে। তাদের সময় দিতে হবে, ভালোবাসতে হবে। আর এ কারণেই কিন্তু মেয়েটি আদালতে এসেছেন।”
তিনি বলেন, “মেয়েটাকে অনেকে নেগেটিভভাবে দেখছেন। মিডিয়াতে বক্তব্য দেওয়ায় সময় অঙ্গভঙ্গির কারণে তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। আমাদের বুঝতে হবে, তিনি কিন্তু কোনো অপরাধ করেননি। সুরক্ষা চেয়ে আদালতের কাছে আশ্রয় চেয়েছেন। এটা কর্মজীবী মা-বাবার জন্য অ্যালার্মিং বিষয়। মেয়েটার আদালতে আসাটা আজকের ইস্যু না, ১৫/১৬ বছরের ইস্যু। বিষয়টি জটিল হয়ে গিয়েছিল। আমরা সবার সাথে কথা বলেছি। আমরা চাই এর একটা হ্যাপি এন্ডিং। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সবারই কাউন্সেলিং করা উচিত।”
আদালত পারিবারিকভাবে বিষয়টি সুরাহা করার যে আদেশ দিয়েছে, তারপর দুই পক্ষ এখন কীভাবে অগ্রসর হবে জানতে চাইলে মেয়েটির আরেক আইনজীবী সোমাইয়াদ শাহারিয়া ফিদা বলেন, “গত ২১ জুলাই তারা সবাই একটা সমঝোতায় পৌঁছান। পরে আমি তাদের মধ্যস্থতায় যাই। শনিবার আমরা সকলে একত্রে বসব।
“মেয়েটির সাথে শারীরিক, মানসিক যে অভিযোগের কথা বলা হয়েছে (যদি সেটা হয়ে থাকে), এটা যেন তার সাথে সামনে আর পুনরাবৃত্তি না হয়, মেয়েটির সুরক্ষা নিশ্চিত থাকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি, আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারব।”
আর সকল অভিভাবকের প্রতি আইনজীবী ইসফাকুর রহমান গালিবের আহ্বান, “বাচ্চাদের সময় দিন। নিজ নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য স্কুল শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রকেও ভাবতে হবে। প্যারেন্টসদের প্যারেন্টিং শিখাতে হবে। না হলে পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে যাবে।”
