কারখানায় অভিযানে মিলল ৩৪৪ ড্রাম বিদেশি মদ, গ্রেপ্তার ৩
চীন থেকে পানি পরিষ্কার করার রাসায়ানিকের নামে এসব মদ আমদানি করা হয়, বলছে র্যাব।
পানি পরিষ্কার করার রাসায়নিকের নামে বিপুল বিদেশি মদ আমদানি করায় ঢাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি কারখানায় শনিবার বিকালে অভিযান চালানো হয় বলে র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- দ্বীন ইসলাম (৪৮), মো. আনিসুর রহমান রিপন (৫১) ও আব্দুল হাদী (২০)।
কারখানাটিতে ২৫ লিটারের ৩৪৪টি ড্রামে মদ পাওয়ার কথা জানিয়ে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা ৮ হাজার ৬০০ লিটার মদের মূল্য ৬ কোটি টাকা।
“পানি পরিষ্কার করার জন্য চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ আমদানির আড়ালে এসব মদ আনা হয়। সেগুলো পরে মদ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছিল।”
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব বলেছে, দ্বীন ইসলাম প্রায় দেড় বছর ধরে মদের ব্যবসা করছে। প্রধান সহযোগী আনিসুর রহমানসহ চার-পাঁচজন মিলে তারা সিন্ডিকেট গড়ে তুলেছে। তদন্তে আরও দুজনের নাম পাওয়া গেছে।
