২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় বিপর্যস্ত ফেনীতে সেনাপ্রধান

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বন্যায় বিপর্যস্ত ফেনীতে সেনাপ্রধান
হেলিকপ্টারে ফেনীর পরশুরাম ও তৎসংলগ্ন এলাকা ঘুরে দেখেন সেনাপ্রধান। ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 11:12 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ভয়াবহ বন্যায় নাকাল ফেনীর পরিস্থিতি সচক্ষে দেখলেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

হেলিকপ্টারযোগে জেলার পরশুরাম ও তৎসংলগ্ন এলাকা তিনি ঘুরে দেখেন বলে শুক্রবার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

বন্যাকবলিত এলাকায় চলমান উদ্ধারকাজ, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা সেবা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

উজানের পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ফেনীতে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সেনা বাহিনীর ১৭, ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যরা সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছেন। পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।