২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি এই সম্মেলন হবে। 

“সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।”

মুহাম্মদ ইউনূসের সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থার প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান এবং উদ্যোক্তারা সাক্ষাৎ করবেন বলে ব্রিফিংয়ে তুলে ধরা হয়। 

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বাংলাদেশবিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সংলাপে আলোচনা হবে মন্তব্য করে উপ-প্রেস সচিব বলেন, দেশের সার্বিক বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যখ্যা করা হবে। বিনিয়োগকারীদের বার্তা দেওয়া হবে, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। 

সফরকালে বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ারও কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আগামী ২৪ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।