২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন বাংলাদেশে’ সাগর-রুনি হত্যার বিচার চাইলেন মেঘ

“শুধু সাংবাদিকতা করার কারণে তাদের প্রাণ দিতে হয়েছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 01:30 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

‘নতুন বাংলাদেশে’ মা-বাবা হারানোর বিচার চেয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘ। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে আবার এ দাবি তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া’ (বিজেআইএম) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে। 

প্রদর্শনীটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ৬ ও ১১ ডিসেম্বর বন্ধ থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন মাহির সারওয়ার মেঘ। পরে তিনি বলেন, “আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে তাদের প্রাণ দিতে হয়েছে। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।”

উদ্বোধন অনুষ্ঠানে বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান বলেন, “ন্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকরা থাকবেন, ততদিন আর কোনও দানব এ জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।”

অনুষ্ঠানে জুলাই-আগস্টের নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত ও মুহাম্মদ আলী মাজেদ। 

এসময় বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। 

আলোকচিত্রী ও বিজেআইএম সদস্য কেএম আসাদ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্ব পালন করেন।