১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘ডেভিল হান্টের’ তৃতীয় দিনে গ্রেপ্তার ৬০৭ জন

শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক, ৬০৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আগের দিন এই বিশেষ অভিযানে সারাদেশে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৬৮ জন। 

এ নিয়ে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫।

বার্তায় বলা হয়, অভিযানকালে গত ২৪ ঘণ্টায় দুইটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, দুইটি গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লায়ার্স, দুইটি বাটাল ও দুইটি লাঠি জব্দ করা হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ৩৪৩ জনসহ মোট গ্রেপ্তারের সংখ্যা ছিল ১ হাজার ৫২১।

আর অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য রোববার দিলেও ‘ডেভিল হান্ট’অভিযানে গ্রেপ্তারের পৃথক তথ্য দেয়নি পুলিশ।

গাজীপুরে শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।

শনিবার সন্ধ্যার পর থেকে দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানোর কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার রাজারবাগে এক কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গ্রেপ্তার অভিযান আরও ‘জোরদার’ করার ইঙ্গিত দিয়ে বলেছেন, “আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলব।”