২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারকে খুশি করার প্রয়োজন নেই: বিটিভিকে উপদেষ্টা নাহিদ

“প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই,” বলেন নাহিদ।

সরকারকে খুশি করার প্রয়োজন নেই: বিটিভিকে উপদেষ্টা নাহিদ
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন অফিস পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 09:42 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

সরকারকে খুশি না করে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে জনগণের সংবাদ মাধ্যম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে একথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, “এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়।

“যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।”

উপদেষ্টা বলেন, “বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।”

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে নিয়ে তথ্যচিত্র তৈরির নির্দেশনা দিয়ে তিনি বলেন, “প্রান্তিক বা ঢাকার বাইরে এবং গরিব মানুষ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের  গল্প জনগণকে জানানো দরকার।”

পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের নির্দেশনা দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বুধবার তথ্য উপদেষ্টাকে জানানো হয়।