Published : 23 Sep 2025, 01:48 PM
দেশের সমুদ্র বন্দর এবং উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সংকেত নামলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সোমবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিনাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকার আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকা এবং ভোলায়; ৭৩ মিলিমিটার। এছাড়া, খুলনার কয়রায় ৭২, সাতক্ষীরায় ৬৭ এবং পটুয়াখালীতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়; ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আর, নারায়ণগঞ্জে দেযহের সর্বনিম্ন ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান আছে; যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
এর ফলে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো জোয়ারকালীন সময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।