২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তালাকের নোটিস পাঠিয়েছিলেন ‘অগাস্টেই’, দাবি ক্রিকেটার আল আমিনের

দাবির সপক্ষে আল আমিন কোনো নথি দাখিল করেননি বলে ভাষ্য বাদীপক্ষের আইনজীবীর।

তালাকের নোটিস পাঠিয়েছিলেন ‘অগাস্টেই’, দাবি ক্রিকেটার আল আমিনের

পারিবারিক সহিংসতার মামলাতেও জামিন আল আমিনের

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 07:23 PM

Updated : 06 Oct 2022, 07:23 PM

স্ত্রী ইসরাত জাহানকে গত অগাস্টেই বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে বিচারক তোফাজ্জল হোসেনের কাছে তিনি এ দাবি করেন।

আদালতের পেশকার গৌতম দাস জানান, আল আমিন বলেছেন- গত ২৫ অগাস্ট স্ত্রীকে তিনি ‘তালাকের নোটিস’ দিয়েছেন। তিনি মোহরানা ও খোরপোষ দিতে ‘রাজি’ আছেন। আর দুই সন্তানের খরচ তিনি ‘নিয়মিত দিচ্ছেন’।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী মো. শামসুজ্জামান বলেন, “আমরা মামলা করেছি ভরণপোষণ ও শান্তিপূর্ণভাবে সংসার করার জন্য। এখন আল আমিন বলছেন, তিনি বাদীকে তালাক দিয়েছেন। অথচ সেই মর্মে কোনো ডকুমেন্টস দাখিল করেননি।

“তিনি বলেছেন, দুই ছেলের ভরণপোষণ দিচ্ছেন। অথচ আমাদের কাছে প্রমাণ আছে বড় ছেলের স্কুলে ৫০ হাজার টাকা টিউশন ফি বাকি আছে।“

আদালত জবাবের বিষয়ে ৫ দিন পর শুনানির তারিখ রেখেছেন বলে জানান এ আইনজীবী।

পারিবারিক সহিংসতা আইনের এ মামলায় গত ২৭ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন পান আল আমিন। এর আগে ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলাটি করেছিলেন ইসরাত।

পুরনো খবর:

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের আগাম জামিন
আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ: ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন

২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে আল আমিন স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন না এবং ভরণপোষণও দেন না বলে মামলায় অভিযোগ করেন তার স্ত্রী।

আর্জিতে ইসরাত জাহান তার দুই সন্তানকে যেন আল আমিন বাসা থেকে ‘বের করে দিতে’ না পারেন- সেই আদেশ এবং মাসিক ভরণ পোষণ ও সন্তানদের লেখাপড়াসহ আনুসঙ্গিক খরচ দাবি করেন।

এর আগে ১ সেপ্টেম্বর এই ক্রিকেটারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। পরদিন আদালতের নির্দেশে থানা ওই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করে।

মামলার আর্জিতে বলা হয়, গত ২৫ অগাস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে ‘যৌতুক হিসেবে ২০ লাখ টাকা’ দাবি করেন।

পুরনো খবর:

পারিবারিক সহিংসতার মামলাতেও জামিন আল আমিনের
ভরণপোষণ চেয়ে স্ত্রীর আরেক মামলা, আল আমিনকে আদালতে তলব

“ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯ এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।”

এরপর ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেছিলেন, তার স্ত্রীর সঙ্গে ‘মনোমালিন্য’ হয়েছে। যৌতুক ও নির্যাতনের মামলায় গত ৬ সেপ্টেম্বর তিনি হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।