২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির সমাবেশ: অনুমতি না দিলেও ‘ব্যাপক প্রস্তুতিতে’ পুলিশ

বিএনপির ঘোষিত সমাবেশ কর্মসূচি পালিত হবে, এটা ধরেই নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বিএনপির সমাবেশ: অনুমতি না দিলেও ‘ব্যাপক প্রস্তুতিতে’ পুলিশ

ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 07:43 PM

Updated : 12 Jul 2023, 09:34 AM

কাগজেকলমে অনুমতি দেওয়া না হলেও বুধবার নয়াপল্টনে বিএনপি ঘোষিত সমাবেশকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই সমাবেশ থেকে সম্ভাব্য আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে, তাই এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ করা রাজনৈতিক অধিকার। বিএনপির সমাবেশে বাধা দেওয়ার নির্দেশনা নেই। তবে অবৈধ সমাবেশ করার কোনো সুযোগ নেই।”

পল্টনে বিএনপি ঘোষিত সমাবেশ বৈধ না অবৈধ সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিন নয়াপল্টনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ।

তিনি বলেন, বিএনপির ঘোষিত সমাবেশ কর্মসূচি পালিত হবে এটা ধরেই তারা নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

“সমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্ততি নিয়ে রেখেছি। সাদা পোশাকে এবং পোশাকে সমাবেশস্থলসহ আশপাশ ঘিরে পুলিশ মোতায়েন থাকবে। সিসি ক্যামেরায় মনিটর করা হবে।

“আইনশৃঙ্খলার অবনতি হয় বা জনদুর্ভোগ বাড়ে এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না। সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বিএনপিকে মঙ্গলবার রাত পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান।

“বিএনপিকে এখন পর্যন্ত অফিসিয়ালি অনুমতি দেওয়া হয়নি।”

পুলিশ কমিশনার অফিস থেকে সমাবেশ সংক্রান্ত  কোনো চিঠি এখনো পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, “এখনো সময় আছে। দেখা যাক কি হয়।”