২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খলিলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

“এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন,” ফেইসবুকে লিখেছেন তারেক রহমান।

খলিলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 11:59 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার নির্বাচনের ফল সামনে আসার পর নিজের ফেইসবুকে একটি পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী নিজের অভিব্যক্তি জানান। 

তারেক রহমান লেখেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।

“এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুমাত্রিক প্রতিবন্ধকতা মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। আমরা তার এই নতুন দায়িত্বের সাফল্য কামনা করি।”

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সভাপতি পদে ভোটাভুটি হয়। এতে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। এই দুই প্রার্থীর বাইরে নতুন কাউকেও কাগজে লিখে ভোট দেওয়ার সুযোগ সেখানে ছিল।

নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে বসতে যাচ্ছেন খলিলুর রহমান।

৪০ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশি রাজনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী।

নিজের কর্মজীবনের বেশিরভাগ সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান। জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্রের দায়িত্ব পালনের পর ৪১তম অধিবেশের সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর ব্যক্তিগত সহযোগীর পদেও ছিলেন তিনি।

১৯৯১ সালে জেনিভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন খলিলুর রহমান। এরপর ২৫ বছর নিউ ইয়র্ক ও জেনিভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন তিনি; ছিলেন জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক।

আরো পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিল

জাতিসংঘের প্রতি মানুষের আস্থা ফেরাতে ৬ স্তম্ভের ওপর কাজ করতে চান খলিলুর