কারাগারের হটলাইন চালু, ঘরে বসেই মিলবে বন্দির খবর
“পুলিশের কোনো স্বল্পতা নাই, তবে কাজের আগের মত সেই উদ্যমটা নাই,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার।
রোববার কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সবসময় খোলা থাকবে।”
হটলাইন নম্বর ০৯৬১২০২১৬৯০ এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে তিনি বলেন, এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য মিলবে। সেই সঙ্গে অভিযোগ দেওয়া কিংবা পরামর্শ নেওয়া যাবে।
হটলাইন উদ্বোধনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগার পরিদর্শন করে বন্দিদের খাবার মান, বন্দিদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
পুলিশের কাজে ‘আগের উদ্যম নাই’
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দেশজুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়া হয় থানা ও পুলিশের স্থাপনায়। লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ।
কয়েকদিন বাদে পুলিশ কাজে ফিরলেও হারানো সেই মনোবল ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “পুলিশের কোনো স্বল্পতা নাই, তবে কাজের আগের মত সেই উদ্যমটা নাই। তাদের কাজের উদ্যম বাড়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
এক সাংবাদিক জানতে চান, পটপরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি, খুনোখুনি বেড়ে গেছে- এ ব্যাপারে পুলিশ কী করছে?
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, “যে বিষয়টি বললেন, সেটি আমি অস্বীকার করবো না। ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, আবার যারা করছে তারা ধরাও পড়ছে।
“ছাড়া পাওয়ার পর তারা আবার এগুলো করছে। এটা সত্য কথা। এসব যতদূর কমিয়ে আনা যায় সেভাবে চেষ্টা চলছে।”
