Published : 25 Aug 2025, 01:05 PM
গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা এ আন্দোলন করছেন।
এই তিন দাবিতে আগামী ৩০ অগাস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দাবিতে আমরা গত মে মাসের শেষ দিকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি শুরু করলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের ডেকে বৈঠক করেন। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে লাগাতার কর্মসূচি স্থগিত করা হয়।
"কিন্তু গত কয়েক মাসেও আমাদের দাবি-দাওয়া পূরণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। তিন দাবিতে ৩০ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ হবে বলে আশা করছি।"
এসব দাবিতে ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭ টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।
গত ২৪ এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে ও ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নিত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তখন প্রধান শিক্ষকরা এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে ২০১৪ সাল থেকে সব প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের সুবিধা দেওয়ার দাবি জানালেও তা প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়েছিলেন।
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণে গত ২৮ জুলাই সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।